দুই ম্যাচ নিষিদ্ধ হারমানপ্রীত কৌর
শেষ পর্যন্ত নিষিদ্ধই হয়েছেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক হারমানপ্রীত কৌর। দুটি পৃথক ঘটনায় আইসিসির আচরণবিধি ভঙ্গ করায় ভারতীয় অধিনায়ককে পরবর্তী দুটি আন্তর্জাতিক ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে নিষেধাজ্ঞার বিষয়টি জানিয়েছে সংস্থাটি।
গত শনিবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে আইসিসি নারী চ্যাম্পিয়নশিপ সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে বিতর্কিত এ কাণ্ড দুটি ঘটান হারমানপ্রীত। মাঠেই ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করার পর পুরস্কার বিতরণী মঞ্চেও আম্পায়ারের দিকে আঙুল তুলে নানা বিতর্কিত মন্তব্য করেন ভারতীয় অধিনায়ক।
যে কারণে একই সঙ্গে লেভেল ওয়ান ও লেভেল টু ধরনের অপরাধ করেন হারমানপ্রীত। কোড অব কন্ডাক্টের ২.৮ নম্বর ধারা ভঙ্গ করে লেভেল টু ধরণের অপরাধ করেন। ম্যাচের ৩৪তম ওভারে আম্পায়ারের সিদ্ধান্ত মেনে নিতে না পেরে ব্যাট দিয়ে স্টাম্প ভাঙেন ভারতীয় অধিনায়ক। যে কারণে ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানার সঙ্গে দেওয়া হয় তিনটি ডিমেরিট পয়েন্ট। এ ধরনের অপরাধে শাস্তি পাওয়া প্রথম নারী ক্রিকেটার হারমানপ্রীত।
একই ম্যাচে ২.৭ নম্বর ধারাও ভাঙেন হারমানপ্রীত। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আম্পায়ারদের তীব্র সমালোচনা করেছিলেন তিনি। যে কারণে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট পেয়েছেন তিনি।
হারমানপ্রিতের চারটি ডিমেরিট পয়েন্ট দুটি সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। আর দুটি সাসপেনশন পয়েন্ট একটি টেস্ট বা দুটি ওয়ানডে বা দুটি টি-টোয়েন্টি থেকে নিষেধাজ্ঞার সমান। ভারতের পরবর্তী মিশন এশিয়ান গেমসে। যেখানে ভারতের হয়ে প্রথম দুটি ম্যাচে খেলতে পারবেন না হারমানপ্রীত। চীনের হাংঝুতে আগামী ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে এ আসর।
তবে নিজের অপরাধ স্বীকার করে নিয়েছেন হারমানপ্রীত। এমিরেটস আইসিসি ইন্টারন্যাশনাল প্যানেল অফ ম্যাচ রেফারির আখতার আহমেদের প্রস্তাবিত নিষেধাজ্ঞাগুলোও মেনে নিয়েছেন। ফলে আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।
উল্লেখ্য, লেভেল টু ধারা ভঙ্গের অপরাধে ৫০ থেকে ১০০ ভাগ ম্যাচ ফি জরিমানার সঙ্গে তিন থেকে চারটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়। এবং লেভেল ওয়ান লঙ্ঘনের জন্য সর্বনিম্ন তিরস্কার থেকে ম্যাচ ফির সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত জরিমানা এবং এক থেকে দুটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়।