তিন সংস্করণেই বাংলাদেশ দলের অধিনায়ক শান্ত

By ক্রীড়া প্রতিবেদক

সাকিব আল হাসানের চোটে বিশ্বকাপেই বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন নাজমুল হোসেন শান্ত। এরপর নিউজিল্যান্ডের বিপক্ষে হোম ও অ্যাওয়ে দুই সিরিজেও অধিনায়ক ছিলেন এই তরুণ। চৌকস নেতৃত্বে নজরও কাড়েন সবার। তখন থেকেই গুঞ্জন তিনিই হতে যাচ্ছেন স্থায়ী অধিনায়ক। শেষ পর্যন্ত তিন সংস্করণে তাকেই বাংলাদেশ দলের অধিনায়ক ঘোষণা করেছে বিসিবি।

সোমবার বিসিবির কার্য নির্বাহী পরিষদের সাধারণ সভা শেষে সাংবাদিকদের বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন বলেন, 'অধিনায়ক নির্বাচনে সময় বেশি লেগেছে। আজকে বোর্ডে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা শান্তকে, নাজমুল হোসেন শান্তকে এই বছরের জন্য অধিনায়ক নির্বাচন করেছি।'

খুব শিগগিরই শান্তর ডেপুটি ঘোষণা করা হবে বলেও জানান পাপন, 'সহ-অধিনায়কও থাকবে। তবে আপাতত, সামনে যেহেতু কয়েকটা সিরিজ আছে, আর সবগুলোতে সব খেলোয়াড় থাকবেন কি-না আমরা নিশ্চিত না। একটা খেলোয়াড় ওয়ানডেতে আছে, টেস্টে আছে, কিন্তু টি-টোয়েন্টিতে নাও থাকতে পারে। আবার ওয়ানডে, টি-টোয়েন্টিতে আছে টেস্টে নাও থাকতে পারে। আমরা মোটামুটি নিশ্চিত করে ফেলেছি সহ-অধিনায়ক... দুটি সংস্করণে এখনই বলে দিতে পারি, কিন্তু তারপরও (ঘোষণায়) একটু সময় নিচ্ছি।'

গত ওয়ানডে বিশ্বকাপে যাওয়ার আগে একটি সাক্ষাতকারে সাকিব জানিয়ে যান, বিশ্বকাপ শেষে আর একদিনও নেতৃত্ব দিতে চান না তিনি। গুঞ্জন রয়েছে টেস্ট ক্রিকেট খেলতে আগ্রহী নন। লম্বা সংস্করণের ক্রিকেট থেকে প্রায় সময়ই বিশ্রামে থাকেন তিনি। তাই এ দুই সংস্করণ থেকে তাকে সরিয়ে দেওয়ার বিষয়টি অনেকটা অনুমিতই ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিন সংস্করণেই নতুন অধিনায়ক খুঁজে নিল ক্রিকেট বোর্ড।

এতদিন পর্যন্ত তিন সংস্করণের অধিনায়ক ছিলেন সাকিব। গত ওয়ানডে বিশ্বকাপ তার নেতৃত্বেই খেলে বাংলাদেশ। গত দুটি টি-টোয়ন্টি বিশ্বকাপেও অধিনায়কত্ব করেন দেশের শীর্ষ ক্রিকেটার। টেস্টে অধিনায়ক থাকলেও চোট ও বিবিধ কারণে তাকে পুরোপুরি পাওয়া যাচ্ছিল না। তার অনুপস্থিতিতে লিটন দাস, নাজমুল হোসেন শান্তদের দায়িত্ব সামলাতে দেখা যায়। 

সাকিবের সঙ্গে আলোচনা করেই নতুন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান পাপন, 'সাকিবের সঙ্গে কথা হয়েছে। কালকে পর্যন্ত যেটা কথা হয়েছে। ওর চোখের সমস্যা এখনও যায়নি। কাজেই আমাদের সামনে শ্রীলঙ্কা সিরিজ আছে, তারপর আরেকটা সিরিজ আছে, বিশ্বকাপ আছে। আসলে তাকে পাবো কিনা আমরা নিশ্চিত না।'

'অবশ্যই ও আমাদের প্রথম পছন্দ অধিনায়ক হিসেবে সবসময়ই ছিল, এখনও আছে। দুর্ভাগ্যবশত যেহেতু একটা অনিশ্চয়তা রয়ে গেছে, এটার মধ্যে আমরা থাকতে চাচ্ছি না। কাজেই আমরা সিদ্ধান্ত আর দেরি করতে চাইনি। এখন থেকে বিশ্বকাপের খুব বেশি দেরি নেই, এই সময়ে যেন ভালোভাবে দলটা চলতে পারে; সেজন্য এই নামটা (শান্ত) আমরা ঘোষণা করে দিয়েছি,' যোগ করেন পাপন।