বিশ্বকাপের সময় বিসিবির আয়োজনে ‘অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ’

ক্রীড়া প্রতিবেদক

আসন্ন আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল খেলতে যাচ্ছে না। এই ফাঁকা সময়টিতে একটি ঘরোয়া টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা আগেই জানিয়ে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিকভাবে সেই 'অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ' চালুর ঘোষণা দিয়েছে তারা।

শনিবার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। সেখানে বলা হয়েছে, 'বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ চালুর ঘোষণা দিচ্ছে। দেশের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়দের নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টটি একটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ক্রিকেটীয় লড়াইয়ের প্রতিশ্রুতি দিচ্ছে।'

তিন দলের এই টি-টোয়েন্টি টুর্নামেন্টটি আগামী ৫ ফেব্রুয়ারি শুরু হবে। ফাইনাল অনুষ্ঠিত হবে ৯ ফেব্রুয়ারি। সবগুলো ম্যাচ হবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। আবহকে আরও প্রাণবন্ত করে তুলতে প্রতিটি ম্যাচের দিন বিকাল ৪টা থেকে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এরপর সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে ব্যাট-বলের লড়াই।

'অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপ'-এ প্রাইজমানি ও ফি মিলিয়ে মোট বাজেট ধরা হয়েছে ২ কোটি ৫০ টাকা। খেলায় নতুন মাত্রা যোগ করতে থাকবে 'ইমপ্যাক্ট খেলোয়াড়'-এর নিয়ম।

অংশগ্রহণকারী তিনটি দলের স্কোয়াড এখনও চূড়ান্ত হয়নি। তবে অধিনায়কদের নাম ঘোষণা করেছে বিসিবি। ধূমকেতু একাদশকে নেতৃত্ব দেবেন বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস। দুর্বার একাদশের দলনেতার ভূমিকায় থাকবেন নাজমুল হোসেন শান্ত। আর আকবর আলীকে দেখা যাবে দুরন্ত একাদশের নেতৃত্বে।