মেসিকে ফের বার্সেলোনায় দেখতে চান ফ্যাব্রিগাস

By স্পোর্টস ডেস্ক

দুই জনের মধ্যে বন্ধুত্বটা খুবই জোরালো। যে কোনো অনুষ্ঠানে কিংবা ছুটিতে একত্রে দেখা যায় তাদের। এইতো চলতি গ্রীষ্মেও একত্রে ছুটি কাটিয়েছেন। তার উপর আবার বার্সেলোনার পার সমর্থক চেক ফ্যাব্রিগাস। তিন বছর খেলেছেন এ ক্লাবের হয়ে। কাতালান সমর্থক হিসেবে বার্সেলোনায় ফের লিওনেল মেসিকে দেখতে চান তিনি।

কদিন বার্সেলোনা সভাপতি হুয়ান লাপোর্তার একটি মন্তব্যে মেসির বার্সেলোনায় ফের গুঞ্জন জোরালো হয়। নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, 'বার্সেলোনায় মেসির অধ্যায় শেষ হয়ে যায়নি। আমি মনে করি, সভাপতি হিসাবে, তার ক্যারিয়ারের সেরা মুহূর্তটি তাকে উপহার দেওয়ার জন্য বা তার ক্যারিয়ারের সুন্দর সমাপ্তির জন্য তার প্রতি আমার নৈতিক ঋণ রয়েছে।'

এছাড়া বার্সেলোনার কোচ জাভি হার্নান্দেজও মেসিকে ফের দলে চেয়েছেন বলে সংবাদ প্রকাশিত হয় স্প্যানিশ গণমাধ্যমে। যদিও প্যারিসের ক্লাবটির সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে মেসির। এমনকি তাকে ধরে রাখতে চুক্তি নবায়নও করতে চায় পিএসজি। তবে বিশ্বকাপের আগে এ সিদ্ধান্ত নিতে রাজী নন এ আর্জেন্টাইন।

তবে ভক্ত হিসেবে মেসিকে বার্সেলোনায় ফের দেখতে আগ্রহী ফ্যাব্রিগাস। সম্প্রতি এল প্রোগ্রামা দি কোপেতে এ ফরোয়ার্ড বলেছেন, 'একজন বার্সেলোনার ভক্ত হিসেবে, আমি আশা করি এবং কামনা করি যে মেসি বার্সেলোনায় ফিরে আসবে। প্যারিসে তার আরও এক বছর বাকি আছে, কিন্তু আমি এটা (মেসির ফিরে আসা) পছন্দ করব। এটা একটা স্বপ্ন যা ক্লাব এবং সমস্ত ভক্তদের জন্য, কিন্তু আমি একজন ভক্ত হিসেবে আশা করছি।'

কদিন আগেই ইতালির দ্বিতীয় স্তরের দল অর্থাৎ সিরিবির ক্লাব কোমোতে যোগ দিয়েছেন ফ্যাব্রিগাস। খেলোয়াড় হিসেবে যোগ দিলেও আগামীতে এ ক্লাবের কোচ হওয়ার প্রস্তাবও রয়েছে তার জন্য। মূলত এই কারণে ইতালির দ্বিতীয় স্তরের দলে যোগ দিয়েছেন ৩৫ বছর বয়সী এ স্প্যানিশ।