লেভানদভস্কির ভাবনায় নেই রিয়াল মাদ্রিদ বা বেনজেমা
রবার্ত লেভানদভস্কি বার্সেলোনায় নাম লেখানোর পর থেকে করিম বেনজেমার সঙ্গে তার সম্ভাব্য লড়াই নিয়ে চলছে ফুটবলপ্রেমীদের আলোচনা। স্প্যানিশ লা লিগার আগামী মৌসুমের সর্বোচ্চ গোলদাতা হওয়ার দৌড়ে তাদের দুজনকে রাখা হচ্ছে এগিয়ে। তবে পোলিশ স্ট্রাইকার লেভি এখনই সেসব নিয়ে মাথা ঘামাতে চাইছেন না। তিনি বলেছেন, রিয়াল মাদ্রিদ বা ক্লাবটির তুখোড় ফর্মে থাকা তারকার ফরোয়ার্ড করিম বেনজেমা তার ভাবনায় নেই।
গত মাসে অনেক নাটকীয়তার পর জার্মান বুন্দেসলিগার শিরোপাধারী বায়ার্ন মিউনিখ থেকে লেভানদভস্কিকে দলে টানে বার্সা। সেজন্য স্প্যানিশ দলটিকে খরচ করতে হয়েছে ৪৫ মিলিয়ন ইউরো। বোনাস ও অন্যান্য ভাতা মিলিয়ে তাদের খরচের অঙ্ক বাড়তে পারে আরও ৫ মিলিয়ন ইউরো। ৩৩ বছর বয়সী লেভানদভস্কির সঙ্গে তারা চুক্তি করেছে চার বছরের জন্য। শুক্রবার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে আনুষ্ঠানিকভাবে তাকে নিজেদের খেলোয়াড় হিসেবে পরিচয় করিয়ে দেয় বার্সেলোনা। লেভিকে স্বাগত জানাতে উপস্থিত হয়েছিলেন ৫৯ হাজারের বেশি সমর্থক।
অনুষ্ঠান শেষে গণমাধ্যমের মুখোমুখি হন সময়ের অন্যতম সেরা তারকা লেভানদভস্কি। বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালকে মোকাবিলার জন্য প্রস্তুত থাকার কথা জানান তিনি, 'আমি সব সময় রিয়ালের বিপক্ষে খেলার জন্য তৈরি। তাদের বিপক্ষে কীভাবে খেলতে হয় তা আমি জানি। গত মৌসুমটা তাদের জন্য খুব সাফল্যমণ্ডিত ছিল। আমরা এখানে আছি তাদেরকে হারাতে। জানি এটা কঠিন হবে। তবে এটাই হলো ফুটবল।'
প্রাক-মৌসুমে তিনটি ম্যাচে খেললেও এখনও গোলের দেখা পাননি লেভানদভস্কি। যুক্তরাষ্ট্র সফরে রিয়ালের বিপক্ষেই প্রথমবারের মতো বার্সেলোনার জার্সিতে মাঠে নেমেছিলেন তিনি। পরে জুভেন্তাস ও নিউ ইয়র্ক রেড বুলসের বিপক্ষেও গোলহীন ছিলেন তিনি। তবে তাকে নিয়ে বিচলিত নন জাভি হার্নান্দেজ। বার্সার কোচের দৃষ্টিতে, এটা সাধারণ ব্যাপার এবং লেভি নতুন ঠিকানায় পুরোপুরি মানিয়ে নিলে কেটে যাবে এই খরা।
তবে কেবল রিয়াল নয়, অন্যান্য প্রতিপক্ষকে নিয়েও সতর্ক থাকতে চান লেভানদভস্কি, 'শুধু রিয়ালের জন্য নয়, সব সময় প্রস্তুত থাকতে হবে। কারণ, এখানে আরও দারুণ কিছু ক্লাব আছে। সব সময় নিজের সেরাটা দিয়ে খেলতে হবে। আমি জানি, আমরা প্রতিটি ম্যাচে নামব জেতার জন্য। এটা চ্যালেঞ্জিং হবে। আমি কেবল রিয়াল মাদ্রিদ বা বেনজেমাকে নিয়ে ভাবছি না। সে দুর্দান্ত একজন স্ট্রাইকার, যে অনেক বছর ধরে লা লিগায় খেলছে। আমার জন্য গুরুত্বপূর্ণ হলো বার্সেলোনার হয়ে ভালো খেলা, তার বিপক্ষে নয়।'