অভিষেকে মানের গোল, গোল উৎসবে মৌসুম শুরু বায়ার্নের
লিভারপুল ছেড়ে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর নিজের সামর্থ্যের ছাপ রাখতে দেরি করছেন না সাদিও মানে। কদিন আগে জার্মান সুপার কাপে লক্ষ্যভেদের পর বুন্দেসলিগায় অভিষেকেও জালের ঠিকানা খুঁজে নিলেন তিনি। এই সেনেগালিজ ফরোয়ার্ডের আলো ছড়ানোর ম্যাচে আনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে গোল উৎসব করল বাভারিয়ানরা।
শিরোপা ধরে অভিযানে বুন্দেসলিগার ২০২২-২৩ মৌসুমে শুভ সূচনা করেছে ইউলিয়ান নাগেলসমানের শিষ্যরা। শুক্রবার রাতে প্রতিপক্ষের মাঠে ৬-১ গোলের বিশাল ব্যবধানে জিতেছে তারা। জোড়া গোল করেন তরুণ জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা। মানের পাশাপাশি একবার করে নিশানা ভেদ করেন জশুয়া কিমিখ, বেঞ্জামিন পাভার্দ ও সার্জ গ্যানাব্রি। স্বাগতিকদের পক্ষে সান্ত্বনাসূচক গোলটি করেন র্যান্ডাল মুয়ানি।
গোটা ম্যাচে ৬৩ শতাংশ সময়ে বল পায়ে রাখার পাশাপাশি আক্রমণের বন্যা বইয়ে দেন বায়ার্ন। গোলমুখে তাদের নেওয়া ২৩টি শটের মধ্যে লক্ষ্যে ছিল দশটি। অন্যদিকে, ফ্রাঙ্কফুর্ট আটটি শট নিয়ে লক্ষ্যে রাখতে পারে মাত্র দুটি।
ম্যাচের পর মানের প্রশংসায় মাতেন বায়ার্নের কোচ নাগেলসমান। গণমাধ্যমের কাছে তিনি বলেন, 'ফুটবলের দৃষ্টিকোণ থেকে বিবেচনা করলে, প্রথমার্ধে আমাদের খেলা দেখতে খুবই ভালো লাগছিল। আক্রমণভাগে আমরা খুবই দারুণ ছিলাম। মানে আমাদেরকে আরও দুর্দান্ত করে তুলছে। তাই আমাদের বিপক্ষে রক্ষণ সামলানো কঠিন। দলের মধ্যে ভালো রকমের উদ্যম রয়েছে এবং পারফরম্যান্সে আপনারা সেটা দেখতে পাচ্ছেন।'
জয় দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করেছে আর্সেনালও। শুক্রবার রাতে ক্রিস্টাল প্যালেসকে তাদের মাঠে ২-০ গোলে হারিয়েছে মিকেল আর্তেতার শিষ্যরা। প্রথমার্ধে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গ্যাব্রিয়ল মার্তিনেলি এগিয়ে দেন গানারদের। দ্বিতীয়ার্ধের শেষদিকে বুকায়ো সাকার ক্রস বিপদমুক্ত করার চেষ্টায় দুর্ভাগ্যজনকভাবে নিজেদের জালে বল পাঠিয়ে দেন মার্ক গেয়ি।