লিগ ওয়ানের নতুন মৌসুম শুরুর আগে দুঃসংবাদ পেল পিএসজি
ফরাসি লিগ ওয়ানের শিরোপা ধরে রাখার অভিযান শুরু করার আগে দুঃসংবাদ পেল পিএসজি। পায়ের পেশিতে চোট পাওয়া কিলিয়ান এমবাপে খেলতে পারবেন না ক্লেমোঁ ফুতের বিপক্ষে।
২০২২-২৩ মৌসুমে ফ্রান্সের শীর্ষ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে ক্লেমোঁর মাঠে নামবে প্যারিসিয়ানরা। খেলা শুরু হবে শনিবার বাংলাদেশ সময় রাত একটায়। এই লড়াইয়ের জন্য ২১ সদস্যের দল ঘোষণা করেছে পিএসজি। সেখানে নেই বিশ্বকাপজয়ী তরুণ ফরাসি স্ট্রাইকার এমবাপের নাম।
নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া বিবৃতিতে পিএসজি আগের দিন শুক্রবার জানিয়েছে, পায়ের পেশিতে চোট পাওয়া এমবাপে চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। আগামী ৭২ ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার পরবর্তী তথ্য দেওয়া হবে। তবে তিনি কবে, কোথায় ও কীভাবে চোট পেয়েছিলেন সেটা উল্লেখ করা হয়নি।
পিএসজির সবশেষ ম্যাচে নিষেধাজ্ঞার কারণে খেলা হয়নি ২৩ বছর বয়সী এমবাপের। গত সপ্তাহে তেল-আবিবে তাকে ছাড়াই ফরাসি সুপার কাপের ফাইনালে নতেঁকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ক্রিস্তফ গালতিয়ের শিষ্যরা। ওই ম্যাচে জোড়া গোল করেছিলেন নেইমার। পাশাপাশি লিওনেল মেসি ও সার্জিও রামোস খুঁজে পেয়েছিলেন জালের ঠিকানা। এই তিনজনই আছেন ক্লেমোঁর বিপক্ষে ম্যাচের স্কোয়াডে।
এমবাপের না থাকাটা অবশ্য ক্লেমোঁর জন্য সুসংবাদ। সবশেষ ২০২১-২২ মৌসুমে তার তোপে পুড়তে হয়েছিল ক্লাবটিকে। তাদের বিপক্ষে প্রথম দেখায় ঘরের মাঠে পিএসজির ৪-০ গোলের জয়ে একবার লক্ষ্যভেদ করেছিলেন এমবাপে। পরের দেখায় নিজেদের মাঠে ৬-১ গোলে বিধ্বস্ত হয়েছিল ক্লেমোঁ। ওই ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন এমবাপে।
উল্লেখ্য, লিগ ওয়ানের গত মৌসুমে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার জিতেছিলেন এমবাপে। তিনি করেছিলেন ২৮ গোল। আগের তিন মৌসুমেও তিনি ছিলেন লিগের গোলদাতাদের তালিকার শীর্ষে। তবে ২০১৯-২০ মৌসুমে তার সঙ্গে এক নম্বর স্থানটি ভাগাভাগি করেছিলেন উইসাম বেন ইয়েদার। দুজনেই সেবার করেছিলেন সমান ১৮ গোল।