পিএসজির গোলবন্যায় মেসি-নেইমারের ঝলক
নেইমার গোল করলেন, গোল করালেন। লিওনেল মেসি করলেন জোড়া গোল। তারমধ্যে একটি এলো মুগ্ধতা ছড়ানো বাইসাইকেল কিকে। ফরাসি লিগে এই তারকাদের সেরা দিনে পুঁচকে ক্লেহমোঁ ভাসলো গোল বন্যায়।
লিগ ওয়ানে এমনিতে বাকি দলগুলো থেকে ঢের এগিয়ে তারকায় ঠাসা পিএসজি। ক্লেহমোঁ সেদিক থেকে অনেক নিচের সারির দল। ম্যাচের ফলাফলেও মিলল সে ছবি। পিএসজির কাছে ৫-০ গোলে বিধ্বস্ত হয়েছে তারা।
নেইমার-মেসি ছাড়াও গোল করেছেন আশরাফ হাকিমি ও মার্কিনিউস।
গেল সপ্তাহে ফরাসি কাপ জিতে মৌসুমে শুরু করে পিএসজি। সেই ম্যাচেও গোল পেয়েছিলেন ব্রাজিল-আর্জেন্টিনার সেরা দুই তারকা।
কিলিয়ান এমবাপে এদিন চোটের কারণে ছিলেন না। নেইমার ছিলেন দারুণ ছন্দে। নবম মিনিটে তিনি এগিয়ে দেন দলকে। পাবালো সারাবিয়ার পাস ধরে নিখুঁত শটে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।
২৬ মিনিটে আবার গোলে অবদান নেইমারের। মেসিকে উদ্দেশ করে বল বানিয়ে দিয়েছিলেন তিনি। মেসি না পেলেও হাকিমি বল ধরে ব্যবধান দ্বিগুণ করেন।
দলের তৃতীয় গোলেও ভূমিকা নেইমারের। ৩৮ মিনিটে তার দারুণ ফ্রি কিক থেকে বল পেয়ে দলকে ৩ গোলে এগিয়ে নেন ব্রাজিলিয়ান সতীর্থ মার্কিনিউস।
তিন গোলে এগিয়ে থাকা পিএসজি খেলায় একটি ঢিমেতাল নিয়ে আসে বিরতির পরল। তবে শেষ দিকে আলো ছড়ান মেসি। ৮০ মিনিটে মাঝমাঠ থেকে বল নিয়ে নেইমারের সঙ্গে বল দেওয়া নেওয়া করে বক্সে ঢুকে ব্যবধান ৪-০ করে ফেলেন মেসি।
মেসির শেষ গোলটা মুগ্ধতা ছড়ানো। লেয়ান্দ্রো পারেদেসের বাড়ানো বল অফ সাইডের ট্র্যাপ ভেঙে ধরে বক্সে ঢুকিয়ে বুক দিয়ে নামিয়ে বাইসাইকেল কিকে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।