ঘরের মাঠে হেরে শুরু ম্যানচেস্টার ইউনাইটেডের

By স্পোর্টস ডেস্ক

নতুন কোচ, নতুন মৌসুম। প্রত্যাশা ছিল অনেক বড়। কিন্তু মাঠের পারফরম্যান্সে খুব একটা বদল হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডের। মৌসুমের প্রথম ম্যাচেই হেরে শুরু করেছে দলটি। তাও আবার ঘরের মাঠে অপেক্ষাকৃত দুর্বল ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের বিপক্ষে।

রোববার ওল্ড ট্রাফোর্ডে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের প্রথম ম্যাচে ব্রাইটন অ‍্যান্ড হোভ অ‍্যালবিয়নের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে গেছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটনের হয়ে জোড়া গোল পেয়েছেন প্যাসকল গ্রস। ইউনাইটেডের গোলটিতেও অবদান তাদেরই। নিজেদের জালে বল ঢুকিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার আলেক্সিস ম্যাক আলিস্টার।

এ দুই দলের শেষ মোকাবেলাতেও জিতেছিল ব্রাইটন। ইংলিশ লিগের গত মৌসুমে দ্বিতীয় লেগের ম্যাচে রোনালদোদের ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল তারা। তবে এবার ইউনাইটেডের মাঠ থেকেই অবিস্মরণীয় জয় নিয়ে ফিরল দলটি।

ম্যাচের ৬৩ শতাংশ বল দখলে রেখে ১৭টি শট নিয়েছিল ইউনাইটেড। যার মধ্যে ৫টি ছিল লক্ষ্যে। কিন্তু জালের দেখা পায়নি। পাওয়া গোলটি আসে গোল আত্মঘাতী থেকে। অন্যদিকে ১৫টি শটের ৬টি লক্ষ্যে রেখে দুটি গোল আদায় করে নেয় ব্রাইটন।

ক্রিস্তিয়ানো রোনালদোকে বেঞ্চে বসিয়ে রেখে একাদশ সাজিয়েছিলেন ইউনাইটেডের নতুন কোচ এরিক টেন হাগ। তবে খুব একটা সুবিধা করে উঠতে পারেননি। প্রথমার্ধেই দুটি গোল হজম করে তারা। দ্বিতীয়ার্ধে তাকে মাঠে নামালেও ভাগ্য ফিরেনি তাদের। যদিও আত্মঘাতী গোলের সুবাধে হারের ব্যবধান কমে।

রক্ষণে এদিন হ্যারি মাগুয়েইরের সঙ্গী হিসেবে মাঠে নামেন আর্জেন্টাইন ডিফেন্ডার লিসান্দ্রো মার্টিনেজ। আধা ঘণ্টা যেতেই গোল হজম করে ইউনাইটেড। ৩০তম মিনিটে বাঁ প্রান্ত থেকে ড্যানি ওয়েলব্যাকের অসাধারণ ক্রস থেকে একেবারে অরক্ষিত অবস্থায় বল পেয়ে যান গ্রস। আলতো টোকায় বল জালে পাঠাতে কোনো ভুল হয়নি এ জার্মান মিডফিল্ডারের।

নয় মিনিট পার না হতেই দ্বিতীয় গোল হজম করে বসে ইউনাইটেড। গোল করেন সেই গ্রসই। ডান প্রান্ত থেকে নেওয়া সল্লি মার্চের শট ঝাঁপিয়ে রুখে দিয়েছিলেন গোলরক্ষক দাভিদ দি হেয়া। তবে বিপদমুক্ত করতে পারেননি। আলগা বল পেয়ে জোরালো শটে জালে পাঠান গ্রস।

ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় ইউনাইটেড। ৫৩তম মিনিটে ফ্রেদের পরিবর্তে রোনালদোকে মাঠে নামান কোচ টেন হাগ। ৬৮তম মিনিটে গোলও পায় দলটি। কর্নার থেকে উড়ে আসা বল লাফিয়ে হেড দিতে চেয়েছিলেন ডিয়েগো ডালোট। মাথায় না লাগাতে পারলেও কাঁধ দিয়ে বল ঠেলে দেন জালের দিকে। সেই বল বিপদমুক্ত করতে গিয়ে নিজেদের জালেই জড়িয়ে দেন অ্যালিস্টার।

এরপর সমতায় ফিরতে মরিয়া হয়েই খেলতে থাকে ইউনাইটেড। তবে লাভ হয়নি। দলের সেরা তারকা রোনালদোর কাছ থেকেও দেখা যায়নি কোনো জাদু।