'আলা মাদ্রিদ' স্লোগান শুনে হেসে উড়িয়ে দিয়েছেন লেভানদোভস্কি

By স্পোর্টস ডেস্ক

আট বছর বায়ার্ন মিউনিখে কাটানোর পর লা লিগার ক্লাব বার্সেলোনায় যোগ দিয়েছেন রবার্ট লেভানদোভস্কি। তবে ক্লাব বদল করার প্রক্রিয়াটা সহজ ছিল না। বেশ ঝামেলাই পোহাতে হয়েছে। অনেক সমর্থকরাও খেপেছেন তার এ সিদ্ধান্তে। এমনকি কিছু বায়ার্ন সমর্থক তাকে বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদের স্লোগান 'আলা মাদ্রিদ' বলেও রাগানোর চেষ্টা করেছেন লেভাকে।

সম্প্রতি স্পোর্টসওয়ানের সঙ্গে দল-বদল প্রসঙ্গে অনেক কথাই বলেছেন লেভানদোভস্কি। সেখানেই উঠে আসে 'আলা মাদ্রিদ' প্রসঙ্গ। আর সেটা শুনতে আরও একবার হেসে ওঠেন এ পোলিশ তারকা, 'হ্যাঁ, আমি শুনেছি এবং আমি হেসেছি। কিন্তু কিছু লোক আমার নামে চিৎকার করছিল। যা সত্যিই চমৎকার ছিল।'

আবার ক্লাব পরিবর্তন করে নতুন চ্যালেঞ্জ নেওয়ায় অনেক সমর্থক তাকে শুভকামনা জানিয়েছেন বলেও জানান তিনি,  'আবার গত কয়েক সপ্তাহে আমি রাস্তায় কিছু ভক্তদের সঙ্গেও দেখা করেছি যারা আমার পরিস্থিতি বুঝতে পেরে আমাকে শুভকামনা জানিয়েছে। এতো ভক্ত আশা করিনি। রোনালদিনহো বা (জ্লাতান) ইব্রাহিমোভিচের মতো খেলোয়াড়দের উপস্থাপনের সময়ের চেয়ে তুলনায় কম বা বেশি ছিল কিনা তা বিবেচ্য নয়। সেটা যাইহোক ভিন্ন সময় ছিল।'

বার্সেলোনায় যোগ দেওয়ার কারণও ব্যাখ্যা করেন লেভা, 'আপনি যখন সরাসরি এত সমর্থন অনুভব করেন তখন এটা খুব দারুণ ব্যাপার। এটি এমন কিছু যা চিরকাল আপনার সঙ্গে থাকে। আমি সবসময় লা লিগায় খেলতে চেয়েছিলাম, এটা আমার কাছে পরিষ্কার ছিল। আর বার্সেলোনা যখন দরজায় কড়া নাড়ছে, তখন তারাই ছিল আমার জন্য একমাত্র বিকল্প। অন্যান্য অফার ছিল, কিন্তু আমি আগ্রহী ছিলাম না।'

তবে তার সিদ্ধান্ত যে বায়ার্ন সমর্থকদের মেনে নেওয়া কঠিন ছিল তা বুঝতে পেরেছেন এ ফরোয়ার্ড, 'আমি জানি এটা অনেক ভক্তদের আঘাত করেছে। আমি এটা বুঝতে পারি এবং আমি এর জন্য ক্ষমা চাইছি। সেই সময়ে এটা আমার জন্য গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ছিল। এটা স্পষ্ট যে আমি পরিবর্তন চেয়েছিলাম।'

'দিন শেষে আমরা সবাই মানুষ। জার্মানিতে ১২ বছর কাটানোর পর, এটা আমার কাছে পরিষ্কার ছিল যে আমার সময় শেষ হয়ে গেছে। আমি এটা পরিষ্কার করতে চেয়েছিলাম, এবং অবশ্যই এই পর্যায়ে বায়ার্নের জন্য বিক্রয় করার বিষয়টি গ্রহণ করা সহজ ছিল না। এটি জড়িত থাকা প্রত্যেকের জন্য কঠিন একটি পরিস্থিতি ছিল এবং আমাদের সেরা সমাধান খুঁজে বের করতে হয়েছিল। আমার এই পরিবর্তন পরিবর্তন প্রয়োজন ছিল। অন্য দেশে, অন্য ক্লাবে যাওয়া। অনেকটা একটা শিশুর নতুন খেলনার মতো,' যোগ করেন এ পোলিশ তারকা।