রোমায় যেতে ভাইনালদামকে অনুপ্রাণিত করেছেন সালাহ
লিভারপুলে যোগ দেওয়ার আগে দুই মৌসুম এএস রোমার হয়ে খেলেছেন মোহামেদ সালাহ। মূলত সেখান থেকেই উত্থান শুরু তার। তাই এ ক্লাব সম্পর্কে ভালো করেই জানা আছে এ মিশরীয় তারকার। তাই সাবেক সতীর্থ জিওর্জিনিও ভাইনালদাম যখন রোমা সম্পর্কে জানতে চান, তখন তাকে দারুণ অনুপ্রাণিত করেছেন সালাহ।
এক মৌসুম আগে লিভারপুল থেকে ফ্রি এজেন্ট হয়ে পিএসজিতে যোগ দিয়েছিলেন ভাইনালদাম। তবে ফরাসি ক্লাবে গিয়ে নিজের ঝলক দেখাতে পারেননি তিনি। এমনকি নিয়মিত একাদশেও জায়গা হারান। তবে এ মৌসুমে প্যারিস ছেড়ে রোমায় তাঁবু ফেলেন এ ডাচ মিডফিল্ডার।
আর ক্লাব বদল করে ইতালিতে আসার আগে রোমা সম্পর্কে ভালোভাবেই জেনে এসেছেন ভাইনালদাম। শুধু সালাহই নয়, পাঁচ বছর রোমায় খেলা জাতীয় দলের সতীর্থ কেভিন স্ট্রটম্যানের সঙ্গে কথা বলে ইতিবাচক সাড়া পান। এমনকি পিএসজি সতীর্থ আশরাফ হাকিমির কাছ থেকেও সমর্থন পেয়েছেন। অথচ মরক্কোর এ ডিফেন্ডার খেলেছেন রোমার প্রতিদ্বন্দ্বী ক্লাব ইন্টার মিলানের হয়ে।
'ক্লাব আমাকে পাওয়ার জন্য যে প্রচেষ্টা চালিয়েছে সে জন্যই আমি আসতে চেয়েছি। এবং কারণ আমি সালাহ এবং কেভিন স্ট্রটম্যানের সঙ্গে ক্লাব এবং শহর সম্পর্কে কথা বলেছি এবং এ নিয়ে আমি কেবল ভালো গল্পই শুনেছি। আমি হাকিমির সঙ্গেও কথা বলেছি, সে ইন্টারের হয়ে খেললেও, সে বলেছিল যে রোমা একটি সুন্দর ক্লাব। আমার বিশ্বাস দৃঢ় হয় যেন আমি ক্লাবটিকে জানতাম,' সাংবাদিকদের এমনটাই বলেন ভাইনালদাম।
তবে স্থানীয় সমর্থকদের সম্পর্কে নিজেরও কিছুটা ধারনা ছিল এ ডাচ মিডফিল্ডারের। লিভারপুলের হয়ে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ খেলতে শহরটিতে এসেছিলেন তিনি, 'আমরা একবার লিভারপুলের হয়ে (রোমাতে) খেলেছিলাম এবং পরিবেশটি আশ্চর্যজনক ছিল, আমি জানতাম যে আমি অসাধারণ সমর্থকদের সঙ্গে একটি ক্লাবের হয়ে খেলব, এটি একমাত্র জিনিস যা আমি জানতাম।'
সবমিলিয়ে দারুণ খুশি এ মিডফিল্ডার, 'রোমার খেলোয়াড় হতে পারা সত্যিই অসাধারণ অনুভূতির। আমি যাদের সঙ্গে কথা বলেছি তারা আমাকে ক্লাব এবং ভক্তদের সম্পর্কে দারুণ প্রতিক্রিয়া দিয়েছে। ক্লাবটি স্পষ্ট করে দিয়েছে যে তারা চুক্তিটি সম্পূর্ণ করার প্রচেষ্টায় তারা আমাকে কতটা চায়, যা সবসময় একজন খেলোয়াড়কে অনেক আত্মবিশ্বাস এবং বিশ্বাস এনে দেয়। সামাজিকমাধ্যম এবং অন্যত্র সমর্থকদের সংবর্ধনাও অসাধারণ হয়েছে।'
চেলসিতে দুই মৌসুম খেললেও ম্যাচ খেলার সুযোগ সে অর্থে পাননি সালাহ। যে কারণে ফিওরেন্টিনা ও রোমায় ধারে খেলতে হয়েছিল তাকে। মূলত রোমায় গিয়েই বদলে যায় তার পারফরম্যান্স। তাতে সন্তুষ্ট হয়ে পরে তাকে পাকাপাকি কিনে নেয় রোজানেরিরা। তখনই নজর পরে লিভারপুলের। এরপর এ ক্লাবে এসে নিজ হাতেই লিখেন বাকি গল্পটা। ভাইনালদামও কতোটুকু পারবেন তা সময় হলেই জানা যাবে।