এবার টেন হাগকেও উপেক্ষা রোনালদোর?

By স্পোর্টস ডেস্ক

এক বছরের কিছু বেশি সময় হয় ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। এরমধ্যেই তিন কোচের অধীনে খেলে ফেলেছেন তিনি। আগের দুই কোচ ওলে গানার সুলশার ও রালফ রাংনিকের সঙ্গে শেষ পর্যন্ত সম্পর্কটা ভালো যায়নি তার। মাঠেই এ কোচদ্বয়কে উপেক্ষা করতে দেখা গিয়েছে তাকে। এ নিয়ে সমালোচনাও হয়েছে অনেক। আগের দিন ব্রেন্টফোর্ডের বিপক্ষে হারের পর নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গেও প্রায় একই আচরণ করতে দেখা গেছে পাঁচ বারের ব্যালন ডি'অর জয়ী এ তারকাকে।

প্রতিপক্ষ ছিল দুর্বল ব্রেন্টফোর্ড। গত মৌসুমেই যারা ছয় যুগ পর জায়গা করে নিয়েছে প্রিমিয়ার লিগে। সেই দলটির বিপক্ষে রীতিমতো উড়ে যায় রোনালদোরা। প্রথমার্ধেই চার গোল হজম করে ম্যাচ থেকে যায় ছিটকে। স্বাভাবিকভাবেই এমন হারের মেজাজ ঠিক থাকার কথা নয় রোনালদোর। ম্যাচ শেষে তাই কোনো দিকে না তাকিয়ে এমনকি কোচ এরিক টেন হাগকে এড়িয়েও সোজা চলে যান ড্রেসিং রুমে। এ নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।

শনিবার ব্রেন্টফোর্ডের কাছে বিধ্বস্ত হওয়ার পর রোনালদোর মাঠ ছাড়ার ভিডিও সামাজিকমাধ্যমে রীতিমতো ভাইরাল। শেষ বাঁশি বাজার পর ড্রেসিং রুমের দিকে হাঁটা দেন রোনালদো। পথে প্রতিপক্ষ কয়েকজন খেলোয়াড় এগিয়ে এসে হাত মেলাতে আসেন। অনেকটা অনিচ্ছাকৃতভাবে যেন হাত মেলান। যাত্রা পথে ড্রেসিং রুমে ঢোকার ঠিক সামনেই ছিলেন কোচ টেন হাগ। কিন্তু তার দিকে এক নজর না তাকিয়ে ঢুকে যান ট্যানেলে। এমনকি সহকারী কোচ স্টিভ ম্যাকক্লারেন এগিয়ে আসলেও তাকে উপেক্ষা করেন তিনি। শেষে রোনালদোর পিঠ চাপড়ে স্থান ত্যাগ করেন ম্যাকক্লারেন। 

অথচ ম্যাচের ফলাফল যাই হোক, ম্যাচ শেষে মাঠে আসা সমর্থকদের উদ্দেশ্যে তালি বাজান খেলোয়াড়। অ্যাওয়ে ম্যাচে তো নিয়ম করেই এটা করে থাকে খেলোয়াড়রা। আর নিজেদের মধ্যে তো বটেই, প্রতিপক্ষ খেলোয়াড়দের সঙ্গেও হাত মেলানো স্বাভাবিক রীতি। রোনালদো যখন মাঠ ছাড়েন তখন সতীর্থরাও মাঠে আসা সমর্থকদের উদ্দেশ্যে তালি বাজাচ্ছিলেন। তবে এ পর্তুগিজ তারকা যোগ দেননি। এমন আচরণে, এটা নিশ্চিত দলের হারটা হজম করতে পারছেন না তিনি।

অবশ্য টেন হাগের উপর রাগ দেখানোর যথেষ্ট কারণও রয়েছে রোনালদোর। মৌসুমের প্রায় শুরু থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে মরিয়া হয়ে উঠেছিলেন তিনি। টেন হাগের কাছ থেকে সবুজ সংকেত পেলেই হয়তো এ মৌসুমে নতুন কোনো ক্লাবে খেলতেন। কিন্তু নিজের পরিকল্পনায় অন্তর্ভুক্ত করে তার দল-বদলে অন্তরায় হয়ে ওঠেন এ কোচ। যদিও পেশাদার জগতে এ যুক্তি সম্পূর্ণ ঠুনকো।