নেইমার-এমবাপে দ্বন্দ্ব নিয়ে আলোচনায় বসবে পিএসজি!

By স্পোর্টস ডেস্ক

নতুন মৌসুম মাঠে গড়িয়েছে কয়েক সপ্তাহ মাত্র হলো, এরমধ্যেই ড্রেসিংরুমে অশান্তি ও উত্তেজনা টের পাচ্ছে পিএসজি। দলের অন্যতম সেরা দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমারের মধ্যকার বিবাদ অনেকটাই প্রকাশ্যে চলে এসেছে। যে কারণে খুব শীগগিরই এ দুই তারকা খেলোয়াড়ের সঙ্গে 'ক্লিয়ার দ্য এয়ার' বৈঠকে বসবেন দলের প্রধান কোচ ক্রিস্টফি গাল্টিয়ার ও ক্রীড়া পরামর্শক লুইস ক্যাম্পোস।

গত শনিবার রাতে পার্ক দে প্রিন্সেসে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে মঁপেলিয়েকে ৫-২ ব্যবধানে হারায় পিএসজি। এ ম্যাচে জোড়া গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। যার একটি এসেছে স্পট কিক থেকে। সেই পেনাল্টি নেওয়ার জন্য মাঠেই তর্ক করতে দেখা যায় দুই তারকাকে। ঘটনা আরও বড় হয় সামাজিকমাধ্যমে এমবাপের সমালোচনা করা একটি টুইটে নেইমারের লাইক দেওয়াকে কেন্দ্র করে।

ম্যাচে সেদিন ২৩তম মিনিটেও প্রথম স্পট কিক পেয়েছিল পিএসজি। সেই পেনাল্টিটি নিয়েছিলেন এমবাপেই। কিন্তু মিস করেন তিনি। এরপর ৪৩তম মিনিটে দ্বিতীয়বার যখন পেনাল্টি পায় দলটি, তখন বল নিয়ে শট নিতে এগিয়ে যান নেইমার। এগিয়ে আসেন এমবাপেও। এ নিয়ে দুই তারকার মধ্যে তর্কও হয়। শেষপর্যন্ত সে পেনাল্টি মারেন নেইমারই।

স্বাভাবিকভাবেই এ ঘটনা অশনি সংবাদ পিএসজির জন্য। দুই জনই দলের জন্য খুব গুরুত্বপূর্ণ সদস্য। ফরাসি সংবাদমাধ্যম লা'কিপ জানিয়েছে আরও বড় কিছু ঘটার আগে বিষয়টিতে হস্তক্ষেপ করার সিদ্ধান্ত নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। এখনই এ বিষয় নিয়ে নেইমার ও এমবাপের সঙ্গে আলোচনা করতে এ সপ্তাহের কোনো এক সময়ে বসবেন তারা। মূলত দলের ভালো জন্য একসঙ্গে কাজ করতে শান্ত থাকার আহ্বান জানানো হবে তাদের।

গুঞ্জন রয়েছে নেইমার, এমনকি লিওনেল মেসিসহ বেশ কিছু খেলোয়াড় পিএসজির মূল খেলোয়াড় হিসেবে এমবাপেকে প্রাধান্য দেওয়াটা ভালোভাবে নিতে পারেননি। নেইমার ক্লাবের এই শ্রেণীবিন্যাস নিয়ে অসন্তুষ্ট বলে জানা গেছে। তাই 'ক্লিয়ার দ্য এয়ার' বৈঠকে এ বিষয়টি উঠে আসতে পারে।