নেইমার-এমবাপেকে অন্তত ক্যামেরার সামনে ভালো থাকার অনুরোধ পিএসজির
মুখোমুখি অবস্থানে পিএসজির দুই তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার। অবস্থা এমন যেন মুখ দেখাদেখিই বন্ধ। তাতে স্বাভাবিকভাবেই বড় অস্বস্তিতে পড়েছে ফরাসি ক্লাবটি। এ ঝামেলা থেকে উত্তরণে সম্প্রতি এ দুই তারকাকে নিয়ে আলোচনা সভায় বসেছিল ক্লাব কর্তৃপক্ষ। সেখানে এ দুই তারকাকে অন্তত ক্যামেরার সামনে ভালো থাকার অনুরোধ জানিয়েছে তারা। পিএসজির এক কর্মকর্তার সূত্র মারফত এমন সংবাদই প্রকাশ করেছে ফুটবলভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট গোল।
এক মৌসুম আগে নেইমারের সঙ্গে চুক্তি নবায়ন করে পিএসজি। সে সময় ক্লাবের প্রধান খেলোয়াড় হিসেবে নেইমারকে বিবেচনা করেই চুক্তি করে ক্লাবটি। তবে গত মে'তে রিয়াল মাদ্রিদের সঙ্গে অনেকটা যুদ্ধ করে এমবাপের সঙ্গে চুক্তি নবায়ন করে পিএসজি। এ সময় তাকে ঘিরে ক্লাবের সব পরিকল্পনা করার আশ্বাস দেয় ক্লাবটি। তাই ক্লাব থেকে বাড়তি সম্মান আশা করছেন এ ফরাসি তরুণ। কিন্তু সেটা না পেয়েই খেপেছেন তিনি।
গত শনিবার রাতে পার্ক দে প্রিন্সেসে মঁপেলিয়ের বিপক্ষে ম্যাচের ২৩তম মিনিটেও প্রথম স্পট কিক পেয়েছিল পিএসজি। সেই পেনাল্টিটি নেন এমবাপে। তা মিস করেন তিনি। এরপর ৪৩তম মিনিটে দ্বিতীয়বার পেনাল্টি পায় দলটি। তখন বল নিয়ে শট নিতে এগিয়ে যান নেইমার। কিন্তু এবারও শট নিতে চান এমবাপে। এগিয়েও আসেন। কিন্তু নেইমার সুযোগ দেননি এ নিয়ে দুই তারকার মধ্যে তর্ক হয়। শেষপর্যন্ত সে পেনাল্টি মারেন নেইমারই। ঘটনা আরও বড় হয় সামাজিকমাধ্যমে এমবাপের সমালোচনা করা একটি টুইটে নেইমারের লাইক দেওয়াকে কেন্দ্র করে।
এ সকল কাণ্ডে খেপেছে ক্লাবও। ঘটনা আরও বড় না হতে শক্ত অবস্থানে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। পুরো স্কোয়াডের উপস্থিতিতে হওয়া এ আলোচনা সভায় খেলোয়াড়দের সবাইকে এখন একে অপরের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার জন্য কঠোর নির্দেশ দিয়েছে ক্লাবটি। বিশেষ করে ম্যাচের দিনগুলোতে ক্যামেরার সামনে তো অবশ্যই।
এদিকে পেনাল্টি নিয়ে সৃষ্ট বিতর্কেরও একটি অবসান করেছে পিএসজি। কোচ ক্রিস্টফি গ্যাল্টিয়ের জানিয়ে দিয়েছেন এখন থেকে দলের প্রথম পেনাল্টি টেকার এমবাপেই। তবে দুটি পেনাল্টি পেলে সেক্ষেত্রে দ্বিতীয় শটটি নেবেন নেইমার। পেনাল্টি নেওয়ার ক্ষেত্রে বিবেচিত হননি লিওনেল মেসি। ফরাসি গণমাধ্যমের সংবাদ অনুযায়ী দুই সতীর্থের ইগোর লড়াইয়ে ঢুকতে চান না এ আর্জেন্টাইন তারকা।