নতুন চ্যালেঞ্জ নিতে চান কাসেমিরো
শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ নয় বছরের সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন কাসেমিরো। এ ব্রাজিলিয়ান ডিফেন্ডার নতুন চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছেন বলেই জানিয়েছেন রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। ফলে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া সময়ের ব্যাপারই মাত্র!
চলতি সপ্তাহেই এ গুঞ্জনের চাউর হয় ফুটবল পাড়ায়। আর সে গুঞ্জন এখন বাস্তবে রূপ নেওয়ার পথে। সেলতা ভিগোর বিপক্ষে মাঠে নামার আগে সংবাদ সম্মেলনে বিষয়টি জানান আনচেলত্তি, 'আমি আজ সকালে কাসেমিরোর সঙ্গে কথা বলেছি। সে নতুন চ্যালেঞ্জ, নতুন সুযোগ নিতে চায়। আমি এবং ক্লাব তার ভাবনা বুঝতে পেরেছি।'
নতুন চ্যালেঞ্জের জন্য কাসেমিরোকে শুভকামনাও জানিয়েছেন এ ইতালিয়ান কোচ, 'সে এই ক্লাবের জন্য যা করেছেন এবং সে যেমন মানুষ, আমাদের এটাকে সম্মান করতে হবে। এখন কথাবার্তা চলছে, অফিসিয়াল কিছু নয়, তবে সে চলে যেতে চায়। আমরা তার পরবর্তী চ্যালেঞ্জে তাকে শুভ কামনা জানাই।'
রিয়ালের সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত চুক্তি রয়েছে কাসেমিরো। তবে স্প্যানিশ ও ব্রিটিশ গণমাধ্যমের সংবাদ অনুযায়ী, ইউনাইটেডে নতুন চুক্তির জন্য সমঝোতার পথে খুব দ্রুতই এগোচ্ছে ক্লাবদুটি। আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যেই আসতে পারে চূড়ান্ত ঘোষণা। আজই শারীরিক পরীক্ষা করার জন্য ম্যানচেস্টারে আসার কথা রয়েছে এ ব্রাজিলিয়ান মিডফিল্ডারের।
সংবাদ অনুযায়ী, কাসেমিরোকে পেতে রিয়ালকে ৬০ মিলিয়ন ইউরোর প্রস্তাব দিয়েছে ইউনাইটেড। বিভিন্ন শর্ত বাবদ আরও ১০ মিলিয়ন ইউরো পেতে পারে লা লিগার ক্লাবটি। নিজেও হতে যাচ্ছেন দলটির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়দের একজন। চুক্তি হতে পারে চার বছরের।
২০১৩ সালে ব্রাজিলের সাও পাওলো থেকে রিয়ালে যোগ দেন কাসেমিরো। লস ব্লাঙ্কোসদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২২২টি ম্যাচ খেলে দিয়েছেন ২৪টি গোল। জিতেছেন পাঁচটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগার শিরোপা।