সেল্টা ভিগোর জালে রিয়ালের ৪ গোল

By স্পোর্টস ডেস্ক

কাসেমিরোকে হারিয়ে খেলতে নামা ম্যাচে রিয়াল মাদ্রিদ পেল দারুণ জয়। তাদের সেরা সব তারকাই পেলেন গোল। ঘরের মাঠে তাই রিয়ালের সঙ্গে পাত্তাই পেল না সাল্টা ভিগো।

শনিবার রাতে লা লিগার ম্যাচে সেল্টার মাঠে গিয়ে ৪-১ গোলের বড় জয় পায় বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল। কার্লো আনচেলত্তির দলের হয়ে গোল পান করিম বেনজেমা, লুক মদ্রিচ, ভিনিসিউস জুনিয়র ও ফেদে ভালভেরদে।

নিজেদের মাঠে আগ্রাসী ছিল সেল্টা। প্রথম কয়েক মিনিট আক্রমণ শানায় তারাই। নিজেদের গুছিয়ে নিতে খানিকটা সময় লেগে যায় স্প্যানিশ জায়ান্টদের।

১৪ মিনিটে প্রথম গোল পেয়ে যায় রিয়াল। ডাভিড আলাবার শট বক্সের ভেতর হাতে লাগিয়ে ফেলেন সেল্টার ডিফেন্ডার রেনাতো তাপিয়া। ভিএআরের সহায়তায় পেনাল্টি পেয়ে তা থেকে প্রথম গোল করেন আগের মৌসুমের হিরো বেনজেমা।

গোল পেয়ে ছন্দ পায় রিয়াল। বাড়ে আক্রমণের তোড়। তবে সামলে নিয়ে ৯ মিনিট পর খেলায় ফিরে আসে স্বাগতিকরা। তাদের গোলটিও এসেছে পেনাল্টি থেকে। রিয়ালের বক্সে ডিফেন্ডার এডার মিলিতোর হাতে লাগলে পেনাল্টি পায় সেল্টা। তা থেকে সমতায় আসে তারা।

বিরতির ৪ মিনিট আগে রিয়ালকে ফের এগিয়ে নেন অনেক সাফল্যের নায়ক মদ্রিচ। আলাবার থেকে পাওয়া বল কিছুটা এগিয়ে গিয়ে নিখুঁত প্লেসিংয়ে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

বিরতির পর তৃতীয় গোল পেতে সময় লাগেনি চ্যাম্পিয়নদের। ৫৬ মিনিটে প্রতি আক্রমণ থেকে চমৎকার গোল পান ব্রাজিলিয়ান তারকা ভিনিসিউস। মদ্রিচের থেকে বল নিয়ে দ্রুত গতিতে ছুটে গোলরক্ষককেও কাটিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

১০ মিনিট পর আসে আরেক গোল। আরেটি পালটা আক্রমণ থেকে আহেলিয়া চুয়েমেনির থেকে বল পান ভিনিসিউস, তিনি পাস বাড়ান বেনজেমাকে। বেনজেমা ধরতে না পারলে বল পেয়ে যান ভালভেরদের। জালে জড়াতে সমস্যা হয়নি তার।

এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই থাকল রিয়াল।