রিয়াল কোচ আনচেলত্তির চোখে মদ্রিচ 'অমর'
বয়স ৩৭ ছুঁইছুঁই। কিন্তু মাঠে তিনি যেভাবে বিচরণ করেন, তাতে পারফরম্যান্সের ধার কমার কোনো লক্ষণ নেই! সেলতা ভিগোর বিপক্ষে ম্যাচে আরেকবার মিলল সেটার প্রমাণ। বলা হচ্ছে, রিয়াল মাদ্রিদের অভিজ্ঞ ক্রোয়েশিয়ান মিডফিল্ডার লুকা মদ্রিচের কথা। বুড়ো হাড়ের ভেল্কি দেখিয়ে যিনি 'অমর' তকমা পেলেন কোচ কার্লো আনচেলত্তির কাছে।
শনিবার রাতে স্প্যানিশ লা লিগার ম্যাচে প্রতিপক্ষের মাঠে ৪-১ গোলের বড় জয় পেয়েছে শিরোপাধারী রিয়াল। মদ্রিচের পাশাপাশি লস ব্লাঙ্কোসদের হয়ে জালের দেখা পান করিম বেনজেমা, ভিনিসিয়ুস জুনিয়র ও ফেদেরিকো ভালভার্দে। ম্যানচেস্টার ইউনাইটেডে পাড়ি জমানো কাসেমিরোকে ছাড়া প্রথমবার খেলতে নামা রিয়ালের মাঝমাঠ থেকে আসে গোছানো পারফরম্যান্স। তাতে নেতৃত্ব দেন মদ্রিচ। দুই তরুণ এদুয়ার্দো কামাভিঙ্গা ও অহেলিয়া চুয়ামেনিকে নিয়ে ভালোভাবে মাঝমাঠ সামলান তিনি।
ম্যাচের ৪১তম মিনিটে যখন ১-১ গোলে সমতা চলছিল, তখন রিয়ালকে এগিয়ে দেন মদ্রিচ। ডেভিড আলাবার কাছ থেকে বল পেয়ে ডি-বক্সের বাইরে থেকে চোখ ধাঁধানো শটে লক্ষ্যভেদ করেন তিনি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখা ছাড়া কিছুই করার উপায় ছিল না সেলতার গোলরক্ষক অগাস্তিন মার্চেসিনের। বিরতির পর ম্যাচের ৫৬তম মিনিটে পাল্টা আক্রমণে মদ্রিচের পাস নিয়ন্ত্রণে নিয়ে নিশানা ভেদ করেন ভিনিসিয়ুস জুনিয়র।
একটি করে গোল ও অ্যাসিস্ট করা মদ্রিচের প্রশংসায় জয়ের পর আনচেলত্তি বলেন, 'মদ্রিচের গোল ম্যাচের গতিপথ পাল্টে দিয়েছে। এটার আগ পর্যন্ত দুই দল সমান তালে লড়াই করছিল। সেলতা দারুণভাবে প্রেস করছিল আমাদের ওপর। কিন্তু দ্বিতীয়ার্ধে তাদের সেই ছন্দে ছেদ পড়ে।... মদ্রিচ অমর। সে সব সময় তৈরি থাকে এবং ভালো খেলে।'
অসাধারণ নৈপুণ্য দেখিয়ে প্রতিপক্ষের দর্শকদের কাছ থেকেও সমীহ আদায় করে নেন মদ্রিচ। ম্যাচের ৭৭তম মিনিটে যখন তাকে বদলি করা হয়, তখন সেলতার ভক্ত-সমর্থকরা দাঁড়িয়ে ও হাত তালি দিয়ে অভিবাদন জানান। এমন বিরল ভালোবাসা পেয়ে কৃতজ্ঞতা জানাতে ভোলেননি মদ্রিচ, 'মাঠের পারফরম্যান্সের জন্য প্রতিপক্ষের ভক্তদের কাছ থেকে যখন স্বীকৃতি পাওয়া যায়, তখন সেটা দারুণ ব্যাপার। এটা বিশেষ কিছু।'