রোনালদোকে 'ড্রপ করার উপদেশ' রুনির
প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচেই হার। এমন দুর্দিন গত একশ বছরেও দেখেনি ম্যানচেস্টার ইউনাইটেড। তার উপর তৃতীয় ম্যাচে প্রতিপক্ষ লিভারপুল। দুর্দশা না আরও বড় হয় সে শঙ্কায় ইউনাইটেড শিবির। হাই ভোল্টেজ এ ম্যাচের আগে কোচ এরিক টেন হাগকে কিছু পরামর্শ দিয়েছেন ইউনাইটেডের সাবেক তারকা ও ডিসি ইউনাইটেডের কোচ ওয়েইন রুনি। ক্রিস্তিয়ানো রোনালদো ও মার্কাস রাশফোর্ডকে ড্রপ করতে বলেছেন তিনি।
ওল্ড ট্রাফোর্ডে লিগের প্রথম ম্যাচে এবার ব্রাইটনের কাছে ২-০ গোলের ব্যবধানে হারে ইউনাইটেড। তবে দ্বিতীয় ম্যাচে গত আসরে প্রিমিয়ার লিগে ফেরা ব্রেন্টফোর্ডের কাছে হয় বিধ্বস্ত। প্রথমার্ধেই ৪টি গোল হজম করে তারা। করতে পারেনি একটি গোলও। এই হারের পরই সামাজিকমাধ্যম হতে শুরু করে চারদিকেই নানা সমালোচনা। মাঠে ইউনাইটেডের শক্তির অভাব দেখছেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের দল ডিসি ইউনাইটেডের কোচ রুনি।
দ্য টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ সাবেক ইউনাইটেড তারকা বলেন, 'আমি ক্রিস্তিয়ানো রোনালদোকে খেলাতাম না এবং আমি মার্কাস রাশফোর্ডকেও না। আমি যদি টেন হাগের অবস্থানে থাকতাম তবে আমার প্রধান উদ্বেগের বিষয় হতো মাঠে শক্তি পাওয়া নিয়ে। ইউনাইটেডে নম্বর নাইনে ব্যর্থতার অর্থ হল তারা ব্রেন্টফোর্ডের বিপক্ষে রোনালদোর উপর নির্ভর করেছিল। অথচ সে দলের সঙ্গে খুব বেশি অনুশীলন করেনি।'
রোনালদো ও রাশফোর্ডের ম্যাচ ফিটনেসের ঘাটতি দেখছেন রুনি, 'ওকে দেখে মনে হচ্ছিল ম্যাচ ফিটনেস পাওয়ার জন্য ওর সময় দরকার। ওর পক্ষ থেকে শক্তি প্রয়োজন টেন হাগের এবং এর অর্থ রোনালদোকে বাদ দেওয়া যেতে পারে। মার্কাসের ক্ষেত্রে, আমি মনে করি ওকে আরও আনির্ভরশীল হতে হবে এবং অন্য কিছুর আগে ওর নিজের ভালোর জন্য তিনি কী দরকার তা খুঁজে বের করতে হবে। কারণ এভাবে ওকে দেখা সত্যিকারের উদ্বেগের বিষয়। দেখে মনে হচ্ছে ও ফুটবল মাঠে ছাড়া যে কোনো জায়গায় থাকতে চায়।'
এদিকে টানা দুই হারে দলের শক্তি বাড়াতে দুদিন আগে রিয়াল মাদ্রিদ থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাসেমিরোকে দলে টেনেছে ইউনাইটেড। লিভারপুলের বিপক্ষেই মাঠে নামার সম্ভাবনা প্রবল তার। আর রোনালদোর বিকল্প হিসেবে আয়াক্সের আন্তনিওকে পেতে মরিয়া দলটি। এছাড়া এখনও ফ্র্যাঙ্কি ডি ইয়ংকে পাওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা।