কেঁদে রিয়ালকে বিদায় জানালেন কাসেমিরো
বিদায় অনুষ্ঠানটা শুরু হয় একটি ভিডিওর মাধ্যমে। পৌরাণিক সেই সব গোলগুলো, যা রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে করেছিলেন হোসে হেনরিক কাসেমিরো। ২০১৭ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের দলকে এগিয়ে দেওয়া সেই গোল। উদযাপন, নাটকীয় মুহূর্ত, আনন্দ, ট্রফি... তখন অপর পাশে অশ্রুসিক্ত নয়ন মুছতে ব্যস্ত এ ব্রাজিলিয়ান। জায়ান্ট স্ক্রিনে তখন লেখা 'ধন্যবাদ কাসেমিরো'।
সোমবার সিউদাদ দেপোর্তিভা ব্লাঙ্কায় আনুষ্ঠানিকভাবে বিদায় জানানো হয় কাসেমিরোকে। ভালদেবেবাসে দিনটা তাই স্বাভাবিকভাবেই ছিল অনেক আবেগের। মাইক্রোফোন হাতে যখন কথা বলতে আসেন এ তারকা, কথা যেন বের হচ্ছিল না ভেতর থেকে। ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে এক পর্যায়ে বললেন, 'আমি যাই...' এরপর আবার চোখের জল মুছলেন। কয়েক দফা বিরতিতে দিয়ে অবশেষে বললেন, 'কাসেমিরো চলে যাবে, তবে রিয়াল মাদ্রিদ জিততেই থাকবে।'
শেষ পর্যন্ত কথা বলতে পেরেছেন, কৃতজ্ঞতা এবং আবেগপূর্ণ বক্তৃতায় বলেন, 'আমি ভূমিকা পছন্দ করি না, আমি হৃদয় দিয়ে কথা বলার চেষ্টা করব। রিয়াল মাদ্রিদের সঙ্গে প্রতিদিন এখানে অনুশীলন করতে আসায় ছিল আমার সবচেয়ে বড় শিরোপা... আমার কোচ এবং অবশ্যই আমার সতীর্থদের ধন্যবাদ, যাদের ছাড়া কোনো কিছুই সম্ভব হত না।'
আপনি যখন আপনার জীবনে একটি বড় সিদ্ধান্ত নেন, এটা সবসময় গুরুত্বপূর্ণ। চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর আমি ভেবেছিলাম আমি রিয়াল মাদ্রিদে আমার চক্র শেষ হয়েছে। আমি নতুন চ্যালেঞ্জ, নতুন লক্ষ্য খুঁজছি। আমি সেখানে (ম্যানচেস্টার ইউনাইটেড) কিছুই জিততে পারিনি এবং আমি এখানে যেমনটা করেছিলাম সেখানেও দলকে সাহায্য করতে চাই,' যোগ করেন কাসেমিরো।
রিয়াল মাদ্রিদকে কাসেমিরোর বিদায় জানানর দিনে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। এই ব্রাজিলিয়ানের সঙ্গে ছিলেন তার স্ত্রী এবং দুই মেয়ে। স্কোয়াডের সতীর্থ ছিলেন মাত্র দুইজন খেলোয়াড় ভালভার্দে ও ওদ্রিওজোলা এবং কোচ কার্লো আনচেলত্তি।
সাও পাওলো থেকে ২০১৩ সালে ধারে রিয়াল মাদ্রিদে খেলতে আসেন কাসেমিরো। তখন থেকেই শুরু। মাঝে এক মৌসুম অবশ্য ধারে খেলেছেন পোর্তোর হয়ে। তবে অল্প সময়ের মধ্যেই রিয়ালের মাঝমাঠের স্তম্ভ হয়ে ওঠেন এ ব্রাজিলিয়ান। ক্লাবের হয়ে ২২২টি ম্যাচ খেলে জিতেছেন ১৮টি শিরোপা। এই গ্রীষ্মের দল-বদলে যোগ দিচ্ছেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডে।