'মেসি-এমবাপে-নেইমার একে অপরের জন্য খেলেছে'
সপ্তাহ আগের কথা। একটি পেনাল্টি নিয়ে রীতিমতো বিতর্কে দলের দুই সেরা তারকা কিলিয়ান এমবাপে ও নেইমার। সে পেনাল্টি নিতে এগিয়ে যাওয়ার পথে আবার লিওনেল মেসিকে ধাক্কা মারেন এমবাপে। তারকা খেলোয়াড়দের মধ্যে যে দ্বন্দ্ব তা এক প্রকার স্পষ্ট হয়ে ওঠে। কিন্তু আগের দিন লিলের বিপক্ষে ম্যাচে কে বলবে নিজেদের মধ্যে বিন্দু মাত্র সমস্যা হয়েছিল। তিন তারকাই যেন একে অপরের জন্য খেলেছেন।
রোববার রাতে লিলের মাঠে এ আসরের দ্রুততম গোলের রেকর্ডের পাশাপাশি হ্যাটট্রিকের স্বাদও নেন এমবাপে। রেকর্ড গড়া অষ্টম সেকেন্ডে করা গোলের কারিগর ছিলেন মেসি। আর পরের দুটি গোল বানিয়ে দেন নেইমার। এছাড়া এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ডও করেন জোড়া গোল। গোল পান মেসিও। সবমিলিয়ে এক আসর আগেই লিগ ওয়ানে চ্যাম্পিয়ন হওয়া লিলেকে সাত গোলের মালা পড়ায় দলটি।
অথচ মঁপেলিয়ের বিপক্ষে সেই ম্যাচের পর এমবাপের সঙ্গে নেইমার ও মেসির সম্পর্ক ও বোঝাপড়া নিয়ে কতো প্রশ্নই না উঠেছিল আন্তর্জাতিক গণমাধ্যমে। বেশ কিছু ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে হয়েছিল ভাইরাল। তবে পিএসজির কোচ ক্রিস্তফ গালতিয়েরের দাবি ছিল, কোনো অস্বস্তিকর অবস্থা নেই দলে। আর সেটার প্রমাণও যেন মিলেছে মাঠে।
ম্যাচ শেষে পিএসজি কোচ বলেন, 'মঁপেলিয়ের বিপক্ষে আমাদের ম্যাচের পর আমি স্বেচ্ছায় সকল বিতর্ক পর্যবেক্ষণ করেছি। তবে যখনই আমি অনুশীলন সেশনে ফিরি তখন দেখি এটা আমরা পেছনে ফেলে এসেছি। তীব্রতা এবং দলের আচরণের দিক থেকে আমাদের একটি নিখুঁত সপ্তাহ গেল। আমি সেই নিখুঁত সপ্তাহের শেষে একটি নিখুঁত ম্যাচ পাব কিনা তা দেখার অপেক্ষা করছিলাম। সেটা হয়েছে।'
সবমিলিয়ে শিষ্যদের উচ্ছ্বসিত প্রশংসা করেন এ কোচ, 'এমবাপের উপস্থিতির সঙ্গে সেট-আপের পরিবর্তন হয়। আমরা সম্ভাব্য সর্বোত্তম ভারসাম্য খোঁজার চেষ্টা করছি। লিও, কিলিয়ান এবং নেই গত মৌসুমের মতো খেলেছে তবে ভিন্ন ফর্মেশনে। আজ রাতে, ওরা একে অপরের জন্য খেলেছে। এমনকি ম্যাচটি যখন আমাদের পক্ষে চলে এসেছিল তখনও ওরা ট্র্যাক করেছিল এবং একসঙ্গে কাজ করছিল। আমি ওদের একত্রে খেলার ইচ্ছা উপভোগ করেছি।'