'অপমান করতেই ক্যারাঘেরকে না দেখার ভান করেছেন রোনালদো'

By স্পোর্টস ডেস্ক

বিতর্কিত কাণ্ড ঘটানো নতুন কিছু নয় রোনালদোর জন্য। ভক্তের মোবাইল ভাঙা, সাংবাদিকের মাইক্রোফোন ছুঁড়ে ফেলা, রেফারিকে আঘাত করা, ট্যাক্স ফাঁকি দেওয়া থেকে শুরু করে অনেক বিতর্কে জড়িয়েছেন এ পর্তুগিজ তারকা। এমনকি একাধিকবার ধর্ষণ মামলার আসামীও হয়েছেন। তবে তার বেশিরভাগই আবেগের বসে অথবা অনিচ্ছাকৃত। কিন্তু আগের দিন ইচ্ছাকৃতভাবে লিভারপুল কিংবদন্তি জিমি ক্যারাঘেরকে অপমান করে নতুন বিতর্কের সৃষ্টি করেছেন এ পর্তুগিজ তারকা।

দুই পাশে ছিলেন রয় কিন ও গ্যারি নেভিল, মাঝে জিমি ক্যারাঘের। তাদের দেখে অনুশীলন থামিয়ে এগিয়ে গেলেন রোনালদো। হাত মেলালেন, কোলাকোলিও করলেন, তবে সেটা কেবল নেভিল ও কিনের সঙ্গে। মাঝে থাকা ক্যারাঘেরের দিকে ফিরেও তাকালেন না। যদিও রোনালদোর দিকে এগিয়ে এসেছিলেন ক্যারাঘের। আর এ ভিডিও মুহূর্তেই সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে যায়।

ঘটনাটি আগের দিন ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুলের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচ শুরুর আগে। মাঠের এক পাশে স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার ও ফুটবল বিশেষজ্ঞরা আলোচনা করছিলেন ম্যাচ নিয়ে। সেখানেই এমন কাণ্ড ঘটিয়েছেন রোনালদো। সাবেক ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্দিনান্দ বলেছেন, এমনটা ইচ্ছাকৃতই করেছেন রোনালদো।

গত মৌসুমে রোনালদোকে কেনায় ম্যানচেস্টার ইউনাইটেডের ব্যাপক সমালোচনা করেছিলেন কারাঘের। ভবিষ্যৎ পরিকল্পনার জন্য ৩৭ বছর বয়সী একজন খেলোয়াড়কে দলে টানা ঠিক হয়নি বলে মন্তব্য করেছিলেন কারাঘের। রোনালদো নিশ্চিতভাবেই সেই সমালোচনা শুনেছিলেন। তার জেরেই যেন ক্যারাঘেরকে এমন অপমান করে পুষিয়ে নিলেন রোনালদো।   

ভাইবে ফার্দিনান্দ বলেন, 'ক্রিস্তিয়ানো রোনালদোকে জেনেই আমি বলছি। ক্রিস্তিয়ানো রোনালদোর সমস্যা এবং এই জাতীয় জিনিস সম্পর্কে জেমি ক্যারাঘের সবসময়ই খুব সোচ্চার ছিলেন। আমাকে বিশ্বাস করুন, ক্রিস্তিয়ানো সেই মন্তব্যগুলি দেখেছে। অপমান করতেই ক্যারাঘেরকে না দেখার ভান করেছেন রোনালদো।'

'সেখানে (রোনালদো) হাঁটতে হাঁটতে যাওয়ার সময় ভাবছিল আমি এই লোকটিকে (ক্যারাঘের) এবার একটু বুঝিয়ে দেব... তাকে শান্ত করা দরকার, তাকে অপমান করে এবং তাকে দেখিয়ে দিতে হবে, টিভির লাইভে যেভাবেই হোক না কেন। ক্রিস্তিয়ানো খুব হিসাবী, কী ঘটছে সে সম্পর্কে সে খুব সচেতন, সে এমন কেউ নন যে বাড়িতে সুইচ অফ করে বসে থাকে,' যোগ করে আরও বলেন সাবেক ইউনাইটেড কিংবদন্তি।