রোনালদোকে নিয়ে নাসরির মজা!
অনেক দিন থেকেই ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়তে চেষ্টা করে যাচ্ছেন ক্রিস্তিয়ানো রোনালদো। মূলত চ্যাম্পিয়ন্স লিগে খেলতেই এমনটা চাইছেন এ তারকা। অনেক ক্লাবকে তার এজেন্ট প্রস্তাব দিলেও সে অর্থে ইতিবাচক সাড়া পাননি কোথাও। বাধ্য হয়ে তাই থাকতে হচ্ছে ইউনাইটেডে।
রোনালদোর এমন পরিস্থিতির পর সামাজিকমাধ্যমে ব্যাপক ট্রল হচ্ছে। কারণ পিএসজি, বায়ার্ন মিউনিখ হতে শুরু করে অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গেও যোগাযোগ করে শেষ পর্যন্ত গন্তব্য ঠিক করতে পারেননি। এমন অবস্থায় তাকে মজা করতে ছাড়েননি সাবেক ম্যানচেস্টার সিটি ও ফরাসি ফুটবলার সামির নাসরিও।
সম্প্রতি ক্যানাল প্লাসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোনালদোর বর্তমান পরিস্থিতি নিয়ে মজা করে নাসরি বলেন, 'আমার কাছে তার (রোনালদো) জন্য একটা সমাধান রয়েছে। সে ম্যানচেস্টারের সঙ্গে তার চুক্তি শেষ করতে পারে, তারা তাকে তার অর্ধেক বছর দিলে মার্সেইতে চেষ্টা করে দেখতে পারে।'
চলতি মৌসুমে এবার লিগ ওয়ানের দল মার্শেইতে যোগ দিয়েছেন সাবেক বার্সেলোনা তারকা আলেক্সিস সানচেজ। এই ক্লাবে চিলির এই তারকার সঙ্গে রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে পারবেন বলে খোঁচা দেন নাসরি, 'সে এখানে চ্যাম্পিয়ন্স লিগে খেলতে আসতে পারে। ক্রিস্তিয়ানো রোনালদো ও আলেক্সিস সানচেজের আক্রমণভাগটা ভালোই দেখাবে।'
এদিকে ম্যানচেস্টার ইউনাইটেডে সময়টা খুব একটা ভালো যাচ্ছে না রোনালদোর। নতুন কোচ এরিক টেন হাগের অধীনে এখন পর্যন্ত তিন ম্যাচ খেললেও দুটি ম্যাচে শুরু করতে হয়েছে বেঞ্চ থেকে। অর্থাৎ নামে যতো বড়ই হন না কেন, ফিটনেস ইস্যুতে যে কোনো ছার দিবেন না টেন হাগ তা প্রায় প্রমাণিত। আর বয়সটা যেহেতু ৩৭ ছাড়িয়েছে তাই শঙ্কাটা ভালোভাবেই রয়েছে তার।