বার্সা-ম্যান সিটির ৬ গোলের রোমাঞ্চকর প্রীতি ম্যাচ ড্র

By স্পোর্টস ডেস্ক

মোটর নিউরন রোগের (এমএনডি) গবেষণায় তহবিল সংগ্রহের জন্য মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও ম্যানচেস্টার সিটি। বার্সার সাবেক খেলোয়াড় ও গোলকিপিং কোচ হুয়ান কার্লোস উনজুয়ে এই বিরল রোগে আক্রান্ত। হুইলচেয়ারে বসেই বলে লাথি মেরে প্রীতি ম্যাচের আনুষ্ঠানিক শুরু করেন তিনি। মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আয়োজিত ম্যাচে কমতি ছিল না উত্তেজনা ও রোমাঞ্চের।

বুধবার রাতে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপাধারী ম্যান সিটির সঙ্গে ৩-৩ গোলে ড্র করে বার্সা। দুই পরাশক্তির হাইভোল্টেজ লড়াই দেখতে উপস্থিত হয়েছিলেন ৯০ হাজারের বেশি দর্শক।

সিটির কোচ পেপ গার্দিওলার জন্য ক্যাম্প ন্যুতে ফেরাটা ছিল আনন্দময় স্মৃতি রোমন্থনের সুবর্ণ সুযোগ। একসময় বার্সার হয়েই মাঝমাঠ কাঁপাতেন তিনি। পরবর্তীতে ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত দলটির কোচ হিসেবে কাজ করে ভীষণ সফল হন তিনি। গার্দিওলার অধীনে কাতালানরা যখন খেলত, তখন মাঝমাঠের অন্যতম গুরুত্বপূর্ণ সেনানী ছিলেন জাভি হার্নান্দেজ। তিনি গত বছরের নভেম্বর থেকে সামলাচ্ছেন বার্সার কোচের দায়িত্ব।

প্রীতি ম্যাচ হওয়ায় দুই দলের শুরুর একাদশে নিয়মিত ফুটবলারদের অনেকে ছিলেন অনুপস্থিত। বিশেষ করে, ম্যান সিটি বাজিয়ে দেখেছে কোল পালমার, সার্জিও গোমেজ ও রিকো লুইসের মতো তরুণদের। দ্বিতীয়ার্ধে অবশ্য গার্দিওলা মাঠে নামান কেভিন ডি ব্রুইনা-আর্লিং হালান্ডদের। তবে রবার্ত লেভানদভস্কিকে একদমই খেলাননি জাভি।

২১তম মিনিটে বার্সার গোলরক্ষক ইনাকি পেনার ভুলের সুযোগে সফরকারীদের এগিয়ে দেন উদীয়মান আর্জেন্টাইন স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ। আট মিনিট পর দারুণ শটে ম্যাচে সমতা টানেন গ্যাবনিজ ফরোয়ার্ড পিয়েরে-এমেরিক অবামেয়াং। বিরতির পর ম্যাচের ৬৬তম মিনিটে বার্সা লিড নেয় ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের লক্ষ্যভেদে। চার মিনিট পরই পালমারের গোলে ফের সমতা আসে ম্যাচে। ৭৮তম মিনিটে ডাচ ফরোয়ার্ড মেম্ফিস ডিপাই জালের ঠিকানা খুঁজে নিলে স্বাগতিকরা পেতে শুরু করে জয়ের সুবাস। কিন্তু যোগ করা সময়ের নবম মিনিটে পেনাল্টি থেকে বল জালে পাঠিয়ে সিটিকে হার থেকে বাঁচান রিয়াদ মাহরেজ।

৮৫তম মিনিটে বার্সার আন্দ্রেয়াস ক্রিস্টিয়ানসেন ও সিটির লুক এমবেট-টাবু বল দখলের লড়াইয়ে আঘাত পান মাথায়। ক্রিস্টিয়ানসেন দ্রুত ঠিকঠাক হয়ে গেলেও এমবেট-টাবুকে মাঠ ছাড়তে হয় স্ট্রেচারে করে। তাদের সেবা-শুশ্রূষায় অনেক সময় লেগে যাওয়ায় বাড়তি ১১ মিনিট যোগ করা হয়। সেখানেই মঞ্চস্থ হয় সবচেয়ে বড় নাটক। ক্রিস্টিয়ানসেনের হাঁটুতে লেগে বার্সেলোনার ডি-বক্সে পড়ে যান নরওয়েজিয়ান স্ট্রাইকার হালান্ড। তবে সেটা পেনাল্টি ছিল কিনা তা নিয়ে তর্ক হতে পারে। এরপর সফল স্পট-কিকে স্কোরলাইন ৩-৩ করেন মাহরেজ।

উল্লেখ্য, উনজুয়ে ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত বার্সার হয়ে খেলেন। খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর দুই দফায় ক্লাবটির কোচিং প্যানেলের সদস্য ছিলেন তিনি। ২০০৩ থেকে ২০১০ সাল পর্যন্ত তিনি গোলকিপিং কোচের ভূমিকায় ছিলেন। এরপর ২০১৪ থেকে ২০১৭ সাল পর্যন্ত সহকারী কোচের দায়িত্ব পালন করেন তিনি।