সব দিয়েছি, খুব কাছাকাছি গিয়েছিলাম: পেদ্রি
কোপা দেল রে’র সেমিফাইনালে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে লড়াই করে শেষ পর্যন্ত ফাইনালের টিকিট নিশ্চিত করতে পারেনি বার্সেলোনা। তবে ম্যাচ শেষে দল ও সমর্থকদের উদ্দেশে আশাবাদী বার্তা দিয়েছেন মাঝমাঠের প্রাণভোমরা পেদ্রি।
নিজের অফিসিয়াল ‘এক্স’ (সাবেক টুইটার) অ্যাকাউন্টে ক্যানারি দ্বীপপুঞ্জের এই তারকা লিখেছেন, ‘আমরা সব দিয়েছি (তারও বেশি), কিন্তু খুব খুব কাছাকাছি গিয়ে থেমে গেছি।’
ক্যাম্প ন্যুতে অ্যাতলেতিকোকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। তবে প্রথম লেগের ০-৪ গোলের হারই কাল হয় তাদের। দুই লেগ মিলিয়ে ৩-৪ ব্যবধানে পিছিয়ে তারা। তবে শেষ মুহূর্ত পর্যন্ত বার্সা ঘুরে দাঁড়ানোর আশা জিইয়ে রেখেছিল। কঠিন এই ম্যাচে দলের লড়াই ও অঙ্গীকারের কথাই তুলে ধরেছেন পেদ্রি।
তবে হতাশায় ডুবে থাকতে রাজি নন তিনি। সামনে এখনো দুটি বড় লক্ষ্য আছে বলে মনে করিয়ে দিয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। লা লিগায় বার্সেলোনা বর্তমানে চার পয়েন্ট ব্যবধানে শীর্ষে, যেখানে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। এছাড়া চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর লড়াইয়ে কোচ ফ্লিকের দলকে মোকাবিলা করতে হবে নিউক্যাসেলের।
পেদ্রি লিখেছেন, ‘আমি নিশ্চিত, আমাদের পরিশ্রম আর সমর্থকদের অবিশ্বাস্য সমর্থন থাকলে সামনে আমরা বড় বড় রাত উপহার দিতে পারব।’
সবশেষে পুনরুদ্ধার ও লড়াইয়ের বার্তাই দিয়েছেন তিনি, ‘এখন শক্তি ফিরে পাওয়ার সময়। মাথা উঁচু, গর্বিত।’
অ্যাতলেতিকোর বিপক্ষে ম্যাচে পেদ্রি ছিলেন দলের অন্যতম সেরা। ১০০ মিনিটের বেশি সময় মাঠে থেকে তিনি দলের প্রেসিংয়ে নেতৃত্ব দেন, করেন ১৪টি বল পুনরুদ্ধার। আক্রমণ গঠন থেকে বল কাড়ায়, মাঠের সর্বত্র ছিল তার উপস্থিতি।