ইয়ামালের ফিটনেস নিয়ে যা বললেন ফ্লিক

চ্যাম্পিয়ন্স লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে স্বস্তির খবর পেল এফসি বার্সেলোনা। দলের তরুণ তারকা লামিন ইয়ামাল পুরোপুরি ফিট এবং নিউক্যাসলের বিপক্ষে নামতে প্রস্তুত, এ কথা নিজেই নিশ্চিত করেছেন কোচ হ্যান্সি ফ্লিক।

লা লিগায় সেভিয়ার বিপক্ষে ম্যাচে ইয়ামালকে বেঞ্চে রেখে দেওয়ায় তার ফিটনেস নিয়ে প্রশ্ন উঠেছিল। তবে ফ্লিক সেই জল্পনা একেবারে উড়িয়ে দিয়েছেন। জার্মান এই কোচের মতে, এটি ছিল কৌশলগত সিদ্ধান্ত, গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তরুণ তারকাকে সতেজ রাখতেই এমনটা করা হয়েছে।

প্রথম লেগে নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে ১-১ গোলে ড্র করেছিল বার্সেলোনা, যেখানে শেষ মুহূর্তে পেনাল্টি থেকে গোল করে দলকে রক্ষা করেন ইয়ামাল। ফলে স্পেনের কাতালুনিয়ায় ফিরতি লেগটি এখন পরিণত হয়েছে একদম ‘ডু অর ডাই’ লড়াইয়ে।

ম্যাচের আগে সংবাদ সম্মেলনে ফ্লিক বলেন, 'ইয়ামাল পুরোপুরি ঠিক আছে। সে এমন একজন খেলোয়াড়, যে পার্থক্য গড়ে দিতে পারে। সে দারুণ অনুশীলন করেছে। চ্যাম্পিয়ন্স লিগ এমন একটি মঞ্চ, যেখানে সবাই খেলতে চায়, এটি খেলোয়াড়দের জন্য বাড়তি প্রেরণা।'

নিউক্যাসলের বিপক্ষে কৌশল নিয়েও সতর্ক বার্তা দিয়েছেন বার্সা কোচ। তার ভাষায়, ইংলিশ দলটি ম্যান-টু-ম্যান ডিফেন্সে খেলবে এবং শারীরিকভাবে বেশ শক্তিশালী। দ্রুত পাল্টা আক্রমণে তারা বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই এই ম্যাচে নিখুঁত পারফরম্যান্সই হবে জয়ের চাবিকাঠি।

ইউরোপিয়ান মঞ্চে ইয়ামালের পারফরম্যান্স ইতোমধ্যেই চোখ ধাঁধানো। চ্যাম্পিয়ন্স লিগে ঘরের মাঠে শেষ ১১ ম্যাচে তার সরাসরি অবদান ১২টি গোলে। তবুও এই মৌসুমে বার্সেলোনা এখনো তাদের সেরা ছন্দে পৌঁছাতে পারেনি।

তবে ফ্লিক আত্মবিশ্বাস হারাচ্ছেন না। তার দৃঢ় বিশ্বাস, 'আমরা এই চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারি। আমাদের উন্নতি করতে হবে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সব খেলোয়াড় ফিট ও প্রস্তুত আছে।'