র্যাশফোর্ড ও ক্যানসেলোকে নিয়ে যেকোনো কিছুই ঘটতে পারে: ফ্লিক
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত, লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদ থেকে মাত্র চার পয়েন্ট পিছিয়ে, সব মিলিয়ে দারুণ ছন্দে রয়েছে বার্সেলোনা। আর এই আত্মবিশ্বাসী মুহূর্তেই কোচ হানসি ফ্লিক স্পষ্ট করে দিলেন, মৌসুমের শেষ লড়াইয়ে তাঁর দলের জন্য সবচেয়ে বড় ভরসা হতে পারেন দুই তারকা মার্কাস রাশফোর্ড ও জোয়াও ক্যানসেলো।
রায়ো ভায়েকানোর বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বেশ হাস্যোজ্জ্বল মেজাজেই হাজির হন ফ্লিক। দলের পারফরম্যান্সে সন্তুষ্ট এই জার্মান কোচ জানালেন, আগের সেই 'ইগো সফলতাকে ধ্বংস করে' ধরনের মন্তব্য এখন অতীত। বরং বর্তমান বার্সার খেলায় তিনি দেখছেন একতা, তীব্রতা আর উপভোগের ছাপ।
'আমরা যখন সক্রিয়তা ও ইনটেনসিটি নিয়ে খেলি, তখনই এই দলটা সবচেয়ে ভালো থাকে। সবাই তখন ফুটবলটা উপভোগ করে,' বলছিলেন ফ্লিক।
তবে পুরো আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ধারে আসা দুই তারকা রাশফোর্ড ও ক্যানসেলো। মৌসুম শেষে তাদের ভবিষ্যৎ কী, সে প্রশ্নে ফ্লিকের উত্তর ছিল কৌশলী, কিন্তু আত্মবিশ্বাসে ভরা।
'এই মুহূর্তে মৌসুম শেষ না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে দরকার। এরপর কী হবে, সেটা এখনই বলা সম্ভব নয়। সামনে বিশ্বকাপও আছে,' বললেন তিনি।
এরপরই যোগ করলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা, 'আমি আমার খেলোয়াড়দের বিশ্বাস করি। রাশফোর্ড, ক্যানসেলো তারা সবাই দলে দারুণ গুণগত মান যোগ করে। আর এটাই সবচেয়ে ভালো দিক। এখনই কাউকে নিয়ে সিদ্ধান্ত দেওয়ার সময় নয়। মৌসুম শেষে আমরা দেখব কী হয়। যেকোনো কিছুই ঘটতে পারে।'
বিশেষ করে রাশফোর্ডকে নিয়ে সাম্প্রতিক সময়ের কম খেলার বিষয়টি নিয়েও মুখ খুলেছেন ফ্লিক। তিনি জানান, ইংলিশ ফরোয়ার্ড কিছুদিন চোট সমস্যায় ভুগছিলেন, তাই তাকে সতর্কভাবে ব্যবহার করা হচ্ছিল।
'গত কয়েকদিন তার কিছু সমস্যা ছিল, আমরা তাকে ম্যানেজ করেছি। এখন সে পুরোপুরি ফিট।'
অন্যদিকে ক্যানসেলোর পারফরম্যান্স ও বহুমুখী ভূমিকা দলকে আরও ভারসাম্য এনে দিচ্ছে বলেও মনে করছেন কোচ। দুই তারকার উপস্থিতি বার্সার স্কোয়াডে বাড়তি গভীরতা তৈরি করেছে, যা মৌসুমের শেষভাগে হয়ে উঠতে পারে নির্ণায়ক।
স্ট্রাইকারদের নিয়েও কিছুটা জটিল পরিস্থিতির কথা স্বীকার করেছেন ফ্লিক। রবার্ট লেভানদোভস্কি গোলখরা কাটিয়ে নিউক্যাসলের বিপক্ষে জোড়া গোল করেছেন, তবে ফেরান তোরেস এখনও জানুয়ারির পর থেকে গোলের দেখা পাননি।
সব মিলিয়ে বার্সেলোনার সামনে এখন মৌসুমের শেষ দৌড়। আর সেই দৌড়ে ফ্লিকের বার্তা পরিষ্কার, দলের প্রতিটি খেলোয়াড়ই গুরুত্বপূর্ণ, বিশেষ করে রাশফোর্ড ও ক্যানসেলোর মতো ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতাসম্পন্ন তারকারা। কারণ, কোচের নিজের কথাতেই, 'যেকোনো কিছুই ঘটতে পারে।'