এখনও ‘মাস্টার’ গার্দিওলা, আর্সেনালকে কঠিন বার্তা
সময়ের সঙ্গে সঙ্গে তার জাদু ফুরিয়ে যাচ্ছে, এমন আলোচনা জোরালো হচ্ছিল। কিন্তু বড় মঞ্চে আবারও নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করলেন পেপ গার্দিওলা। ওয়েম্বলির ফাইনালে ম্যানচেস্টার সিটির লিগ কাপ জয়ে তিনি যেন নতুন করে বার্তা দিলেন, তিনি এখনও ‘মাস্টার’।
আট বছর আগে, ওয়েম্বলিতে লিগ কাপ ফাইনালে আর্সেনালকে হারিয়ে ইংলিশ ফুটবলে সবচেয়ে আধিপত্যকারী যুগের সূচনা করেছিলেন পেপ গার্দিওলা। রোববার একই মঞ্চে, একই প্রতিপক্ষকে হারিয়ে সবাইকে মনে করিয়ে দিলেন, তার জাদু এখনও শেষ হয়নি।
নিকো ও’রাইলির জোড়া গোলে আর্সেনালকে ২-০ উড়িয়ে ম্যানচেস্টার সিটি ঘরে তুলল নবম লিগ কাপ। আর পেপ গার্দিওলা পেলেন সিটির কোচ হিসেবে নিজের ১৬তম বড় শিরোপা, লিগ কাপে রেকর্ড পঞ্চমবারের মতো।
ম্যাচ শেষে গার্দিওলার উচ্ছ্বাস দেখে কেউ বলতে পারবে না, এটা 'শুধু' লিগ কাপ। বিশেষ করে যখন প্রতিপক্ষ তারই সাবেক শিষ্য মিকেল আর্তেতা, যার আর্সেনাল এখন প্রিমিয়ার লিগে ৯ পয়েন্ট এগিয়ে এবং চারটি ট্রফির স্বপ্ন দেখছে।
'গত দুই সপ্তাহ আমাদের জন্য খুব কঠিন ছিল। চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেছি, লিগে ৯ পয়েন্ট পিছিয়ে। কিন্তু মিকেল যে দল গড়েছে, সেটাকে হারানো প্রায় অসম্ভব। তাই এই জয়টা খুবই স্পেশাল,' বললেন গার্দিওলা
২০২০ সালে আর্তেতা আর্সেনালের হয়ে একমাত্র শিরোপা (এফএ কাপ) জেতার পর থেকে গার্দিওলা জিতেছেন, ১টি চ্যাম্পিয়ন্স লিগ, ৪টি প্রিমিয়ার লিগ, ১টি এফএ কাপ, ২টি লিগ কাপ, ১টি উয়েফা সুপার কাপ ও ১টি ক্লাব বিশ্বকাপ। আর্তেতার ট্রফি ক্যাবিনেটে এখনও সেই একটিই।
গত মৌসুমে ৮ বছরে প্রথমবার ট্রফিবিহীন থাকার পর অনেকে ভেবেছিলেন, পেপের যুগ শেষের দিকে। কিন্তু ওয়েম্বলির রাতে তিনি আবার প্রমাণ করলেন, চাপ যত বাড়ে, পেপ ততই বড় হয়ে ওঠেন।
'যারা প্রথমবার ট্রফি জিতল ও’রাইলি, চেরকি, ট্র্যাফোর্ড, সেমেনিয়ো তাদের জন্য এটা আসক্তি হয়ে যাক। একবার জেতা শুরু করলে যুবকরা আর থামতে চায় না,' হাসতে হাসতে বললেন পেপ।
তবে সবশেষে গার্দিওলা নিজেই স্বীকার করলেন, 'প্রিমিয়ার লিগ এখন তাদের হাতেই। সত্যি বলতে, আমিও চাইতাম আমরা নয় পয়েন্ট এগিয়ে থাকি। আজকের এই হার আর্সেনালকে এক ইঞ্চিও পিছিয়ে দেবে না। তারা এখন ইউরোপের সেরা দল।'