উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ

লিভারপুলকে সহজেই হারালো পিএসজি

স্পোর্টস ডেস্ক

চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লিভারপুলের বিপক্ষে সহজ জয় পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। বুধবার রাতে নিজেদের মাঠে দজিরে দুয়ে ও খিচা কাভারাৎসখেলিয়ার গোলে ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের দল। এই জয়ের ফলে সেমিফাইনালের পথে এক পা দিয়ে রাখল ফরাসি জায়ান্টরা।

ঘরের মাঠ পার্স দে প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় পিএসজি। খেলার ১১ মিনিটেই দলকে এগিয়ে নেন দজিরে দুয়ে। বক্সের বাম দিক থেকে নেওয়া তার শটটি লিভারপুল ডিফেন্ডার রায়ান গ্রাভেনবার্চের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে জড়ায়। গোলরক্ষক জর্জি মামারদাশভিলি বলের নাগাল পাওয়ার সুযোগ পাননি।

ম্যাচে লিভারপুলের কৌশল ছিল অতি সাবধানী। কোচ আর্নে স্লট মোহামেদ সালাহকে বেঞ্চে রেখে রক্ষণাত্মক দল নামালেও পিএসজির আক্রমণ সামলাতে হিমশিম খেয়েছে তারা। প্রথমার্ধে লিভারপুল একটি শটও নিতে পারেনি। অন্যদিকে উসমান দেম্বেলে সহজ সুযোগ নষ্ট না করলে ব্যবধান তখনই আরও বাড়তে পারত।

বিরতির পর লিভারপুল আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও ম্যাচে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি তারা। উল্টো ৬৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন কাভারাৎসখেলিয়া। জোয়াও নেভেসের পাস থেকে বল পেয়ে চমৎকার ড্রিবলিংয়ে বক্সে ঢুকে গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান এই জর্জিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের শেষদিকে ডেম্বেলের শট পোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান ৩-০ হয়নি। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়লেও আগামী মঙ্গলবার অ্যানফিল্ডে ফিরতি লেগে নির্ভার হয়েই নামবে পিএসজি। অন্যদিকে সেমিফাইনালে যেতে হলে ঘরের মাঠে লিভারপুলকে করতে হবে অসাধ্য সাধন।