সাফ নারী চ্যাম্পিয়নশিপে আবারও একই গ্রুপে বাংলাদেশ ও ভারত

স্পোর্টস ডেস্ক

সাফ নারী চ্যাম্পিয়নশিপে স্বাগতিক ভারতের সঙ্গে একই গ্রুপে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। আগামী ২৫ মে থেকে ৬ জুন পর্যন্ত ভারতের গোয়ায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বুধবার নয়া দিল্লিতে এই ড্র অনুষ্ঠিত হয়।

গ্রুপ 'বি'-তে দুইবারের চ্যাম্পিয়ন বাংলাদেশ এবং রেকর্ড পাঁচবারের চ্যাম্পিয়ন ভারতের সঙ্গে অন্য দলটি হলো মালদ্বীপ।

গ্রুপ 'এ'-তে রয়েছে নেপাল, শ্রীলঙ্কা ও ভুটান। প্রতি গ্রুপ থেকে দুটি করে দল সেমিফাইনালের জন্য কোয়ালিফাই করবে।

পাকিস্তান এই আসরে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে।

২০২২ সালে নেপালের মাটিতে গোলাম রব্বানী ছোটনের অধীনে ভারতকে হারিয়ে প্রথমবার শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর ২০২৪ সালেও নেপালে অনুষ্ঠিত আসরে পিটার বাটলারের হাত ধরে লাল-সবুজের দল চমৎকারভাবে তাদের শিরোপা ধরে রাখে।

বিগত উভয় আসরেই বাংলাদেশ গ্রুপ পর্বে ভারতকে হারিয়েছিল এবং ফাইনালে নেপালকে পরাজিত করেছিল।