‘একটি পার, বাকি আর চার’, রাইসের হুঙ্কার

স্পোর্টস ডেস্ক

শিরোপা জেতার সমীকরণটা এখন তাদের কাছে একদম পরিষ্কার। শেষ পাঁচটি ম্যাচের সবকটিতেই জিততে হবে। শনিবার নিউক্যাসলের বিপক্ষে স্নায়ুক্ষয়ী এক ম্যাচে ১-০ গোলের জয়ে সেই সমীকরণের প্রথম ধাপটি সফলভাবে পার করেছে দলটি। তাতে ফের শীর্ষে ফিরেছে গানাররা। দলের এমন প্রত্যাবর্তনের পর আর্সেনাল মিডফিল্ডার ডেক্লান রাইসের কণ্ঠেও ঝরেছে আত্মবিশ্বাসের সুর, 'একটি পার হলো, বাকি আর চার।'

ম্যাচ শেষে নিজেদের লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে রাইস বলেন, 'গত সপ্তাহে (ম্যান সিটির কাছে হারের পর) আমরা নিজেদের বলেছিলাম যে, প্রিমিয়ার লিগ জিততে হলে আমাদের শেষ পাঁচটি ম্যাচই জিততে হবে। তার মধ্যে একটি আজ পার হলো, এখন বাকি আরও চার ম্যাচ। কীভাবে জিতলাম তার চেয়ে বড় কথা হলো, আমাদের যেকোনো মূল্যে জয়টা প্রয়োজন ছিল।'

একসময় ৯ পয়েন্টের পরিষ্কার ব্যবধানে এগিয়ে ছিল আর্সেনাল। কিন্তু মাঝপথে এসে খেই হারিয়ে ফেলে তারা। গত রোববার ম্যানচেস্টার সিটির কাছে ২-১ গোলের হার এবং বুধবার বার্নলির বিপক্ষে সিটির কষ্টার্জিত জয়ে, গত অক্টোবরের পর প্রথমবারের মতো শীর্ষস্থান থেকে ছিটকে পড়েছিল গানাররা।

তবে শনিবারের জয়টা আর্সেনালের জন্য খুব একটা সহজ ছিল না। ম্যাচের নবম মিনিটে এবেরেচি এজের দুর্দান্ত এক গোলে জয় নিশ্চিত করে তারা। এই জয়টি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, কারণ এর ফলে সিটির চেয়ে আবারও ৩ পয়েন্টে এগিয়ে গেছে তারা; যদিও সিটি একটি ম্যাচ কম খেলেছে।

আর্সেনাল এবং ম্যান সিটির গোল ব্যবধান প্রায় সমান হওয়ায়, শিরোপার লড়াইটি এখন শেষ চার ম্যাচের এক রোমাঞ্চকর স্প্রিন্টে পরিণত হয়েছে। মিকেল আরতেতার দলকে এখন ফোকাস করতে হবে তাদের বাকি লিগ ম্যাচগুলোর দিকে। ঘরের মাঠে ফুলহ্যাম ও বার্নলি এবং অ্যাওয়ে ম্যাচে ওয়েস্ট হ্যাম ইউনাইটেড ও ক্রিস্টাল প্যালেসের মুখোমুখি হবে তারা, কাগজে-কলমে এই প্রতিপক্ষগুলো খুব একটা ভয়ংকর নয়। এই ম্যাচগুলোর সবগুলো জিততে পারলে ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের দারুণ এক সুযোগ তৈরি হবে আর্সেনালের সামনে।

বুধবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রথম লেগে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবে আর্সেনাল, যেখানে মিডফিল্ডের নেতৃত্ব দেবেন রাইস। সামনের ম্যাচগুলো নিয়ে রোমাঞ্চিত এই তারকা বলেন, 'দারুণ উত্তেজনার একটা সময় পার করছি আমরা। আমাদের সামনে অর্জন করার মতো অনেক কিছুই বাকি আছে।'

৯৭ মিনিটের এই হাড়ভাঙা খাটুনির পর চূড়ান্ত বাঁশি বাজলে আর্সেনালের খেলোয়াড়দের বেশ ক্লান্তই দেখাচ্ছিল। তবে দলের অধিনায়ক মার্টিন ওডেগার্ড প্রতিশ্রুতি দিয়েছেন, ম্যান সিটিকে দূরে রাখার এই লড়াইয়ে আর্সেনাল এক বিন্দুও ছাড় দেবে না।

নরওয়েজিয়ান এই তারকা বলেন, 'খেলার এই শিডিউলটা সত্যিই পাগলাটে। তবে আমাদের চালিয়ে যেতে হবে। এটি মৌসুমের একদম শেষ পর্যায়, নিজেদের ভেতরে যা কিছু অবশিষ্ট আছে তার সবটুকু উজার করে দিতে হবে। প্রতিটি ম্যাচে লড়াই করতে হবে এবং এগিয়ে যেতে হবে। আমরা ঠিক এই জায়গাতেই থাকতে চেয়েছিলাম, তবে এই লড়াই একেবারে শেষ পর্যন্ত চলবে। আমরা এর জন্য পুরোপুরি প্রস্তুত এবং আমরা প্রতিদিন লড়াই করে যাব।'