গোল করে, করিয়ে দলকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক

মেজর লিগ সকারে (এমএলএস) লিওনেল মেসির দুর্দান্ত নৈপুণ্যে জয়ে ফিরেছে ইন্টার মায়ামি। শনিবার রাতে টরন্টো এফসিকে ৪-২ গোলে হারিয়েছে তারা। ম্যাচে মেসি নিজে এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও দুটি গোল।

গত সপ্তাহে ফ্লোরিডা ডার্বিতে অরল্যান্ডোর কাছে ৪-৩ গোলে হেরেছিল মায়ামি। তবে সেই ধাক্কা সামলে কানাডার মাটিতে বড় জয় তুলে নিল তারা।

মাস খানেক পরেই আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবেন মেসি। তার আগেই নিজের চেনা ছন্দ দেখালেন এই মহাতারকা। এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান মাত্র ১ পয়েন্টে কমিয়ে আনল ইন্টার মায়ামি।

ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে মেসির সতীর্থ রদ্রিগো ডি পল মায়ামিকে এগিয়ে দেন। ডি পলের নেওয়া ফ্রি কিক টরন্টোর রক্ষণ দেয়ালে লেগে ফিরে আসলে বক্সের বাইরে থেকে চমৎকার ভলিতে গোল করেন এই আর্জেন্টাইন মিডফিল্ডার।

দ্বিতীয়ার্ধের ৫৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। এবার মেসির পাস থেকে গোল করেন তার দীর্ঘদিনের সতীর্থ লুইস সুয়ারেজ। এরপর ৭৩ মিনিটে মেসির সহায়তায় দলের তৃতীয় গোলটি করেন বদলি হিসেবে নামা সার্জিও রেগুইলন। এটি ছিল এমএলএস-এ তার প্রথম গোল।

দুই মিনিট পরেই স্কোরশিটে নাম তোলেন মেসি নিজেই। ডান দিক থেকে ডি পলের বাড়ানো ক্রস থেকে নিখুঁত শটে বল জালে জড়ান ৩৮ বছর বয়সী এই কিংবদন্তি।

এই ম্যাচের মাধ্যমেই এমএলএস-এ নতুন এক ইতিহাস গড়েছেন মেসি। লিগের ইতিহাসে দ্রুততম খেলোয়াড় হিসেবে ১০০টি গোলে (গোল ও অ্যাসিস্ট মিলিয়ে) অবদান রাখার রেকর্ড গড়লেন তিনি। এই মাইলফলকে পৌঁছাতে মেসির লেগেছে মাত্র ৬৪ ম্যাচ। এর আগের রেকর্ডটি ছিল টরন্টো কিংবদন্তি সেবাস্তিয়ান জিওভিনকোর (৯৫ ম্যাচ)। ২০২৩ সালে মায়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত মেসির গোল ৫৯টি এবং অ্যাসিস্ট ৪১টি।

ম্যাচের শেষ দিকে ৮২ ও ৯০ মিনিটে গোল করে টরন্টোর হয়ে আশা জাগিয়েছিলেন বদলি খেলোয়াড় এমিলিও আরিস্টিজাবাল। তবে শেষ রক্ষা হয়নি। ইনজুরি টাইমের ১১ মিনিট সফলভাবে পার করে মৌসুমের ষষ্ঠ জয় নিয়ে মাঠ ছাড়ে ইন্টার মায়ামি।