ভিএআর বিতর্কে গোল বাতিল: রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ ওয়েস্ট হ্যাম অধিনায়ক
৮৩ মিনিটে গোল পেয়ে আর্সেনাল লিড নিয়ে তখন স্বস্তিতে খেলা শেষ করার অপেক্ষায়। কিন্তু যোগ করা সময়েই ঘটল নাটকীয়তা। গোলমুখে জটলার ভেতর থেকে বল জালে জড়ান ওয়েস্ট হ্যামের উইলসন। সমতায় ফেরার আনন্দে দিকহারা ওয়েস্ট হ্যামকে পরের কয়েক মিনিটের নাটকীয় ভিএআর পরীক্ষা স্তব্ধ করে দেয়। ফাউলের কারণে বাতিল হয় গোল। তবে এমন সিদ্ধান্ত মানতে না পেরে ক্ষোভ জানিয়েছেন ওয়েস্ট হ্যাম অধিনায়ক জ্যারড বোয়েন।
রোববার ১-০ গোলে হারের ম্যাচে যোগ করা সময়ে সমতায় ফেরার সুযোগ হারানোকে বড় 'ধাক্কা' হিসেবে বর্ণনা করেছেন তিনি। ওয়েস্ট হ্যামের সঙ্গে এই গোল বাতিলে হতাশায় পুড়তে পারে ম্যানচেস্টার সিটিও। আর্সেনাল পয়েন্ট হারালেই কেবল তাদের শিরোপার সম্ভাবনা জোরালো হতো।
লন্ডন স্টেডিয়ামে লিয়ান্দ্রো ট্রোসার্ডের শেষ মুহূর্তের গোলে পিছিয়ে ছিল হ্যামার্সরা। নির্ধারিত সময়ের পর যোগ করা সময়ে ম্যাচে ফেরার পরিস্থিতি তৈরি করেছিল স্বাগতিকরা। আর্সেনাল গোলরক্ষক ডেভিড রায়া বল হাতছাড়া করলে সেটি জালে জড়িয়ে উল্লাসে মাতেন উইলসন। কিন্তু দীর্ঘ সময় ভিএআর পরীক্ষার পর রেফারি ক্রিস কাভানা পিচ-সাইড মনিটর দেখে গোলটি বাতিলের সিদ্ধান্ত দেন। তার দাবি, পাবলো ফাউল করেছিলেন রায়াকে।
এই হারে রেলিগেশন জোনে থাকা নুনো এস্পিরিতো সান্তোর দলের বিপদ আরও বাড়ল। অবনমন এড়ানোর লড়াইয়ে তারা এখন টটেনহ্যামের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে।
ম্যাচ শেষে নিজের ক্ষোভ লুকিয়ে রাখেননি বোয়েন। তিনি বলেন, ‘পাঁচ মিনিট ধরে স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে ছোটখাটো অনেক কিছু খুঁজে পাওয়া যায়। ফুটবল ম্যাচে ধস্তাধস্তি বা টেনে ধরা থাকতেই পারে। কিন্তু এটা কি গোল বাতিলের মতো ছিল? একদমই না। একজন সমর্থক গোল করে উদযাপন করার আট মিনিট পর সেটা বাতিল হবে, এটা মেনে নেওয়া যায় না।’
বোয়েনের দাবি, সেট-পিসের সময় ফাউল ধরার ক্ষেত্রে রেফারিদের মধ্যে কোনো ধারাবাহিকতা নেই। গত সপ্তাহে ব্রেন্টফোর্ডের বিপক্ষে টমাস সুচেককে টেনে ধরা হলেও পেনাল্টি পায়নি ওয়েস্ট হ্যাম, অথচ আজ সামান্য কন্ট্যাক্টেই গোল বাতিল করা হয়েছে।
হতাশ ওয়েস্ট হ্যাম বস নুনো বলেন, ‘ম্যাচটি যেভাবে শেষ হয়েছে তাতে আমরা সবাই মর্মাহত। এমনকি রেফারিরাও এখন জানেন না কোনটি ফাউল আর কোনটি নয়। তারা নিজেরাই গোলকধাঁধায় আছেন, যা নিয়ে অনেক জল্পনা তৈরি হচ্ছে।’