এখনও বেঁচে আছে সিটি, দরকার আর্সেনালের ভুল: গার্দিওলা
প্রিমিয়ার লিগের শিরোপা লড়াই এখনও শেষ হয়ে যায়নি বলে মনে করেন পেপ গার্দিওলা। তবে ম্যানচেস্টার সিটির কোচ স্বীকার করেছেন, এখন আর সবকিছু তাদের হাতে নেই। ক্রিস্টাল প্যালেসকে ৩-০ গোলে হারানোর পরও আর্সেনালের হোঁচটের অপেক্ষায় থাকতে হচ্ছে সিটিকে।
বুধবার ইতিহাদ স্টেডিয়ামে ফিল ফোডেনের তৈরি করা সুযোগ থেকে প্রথমার্ধেই গোল করেন আন্তোয়ান সেমেনিও ও ওমর মারমুশ। ম্যাচের শেষ দিকে তৃতীয় গোলটি করেন সাভিনিয়ো। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে সিটি।
দুই দলেরই এখনও বাকি দুটি করে ম্যাচ। ফলে টানা নয় বছরে সপ্তম লিগ শিরোপার স্বপ্ন এখনও বেঁচে আছে গার্দিওলার দলের।
ম্যাচ শেষে স্কাই স্পোর্টসকে গার্দিওলা বলেন, 'পরের লিগ ম্যাচ পর্যন্ত আমাদের বেঁচে থাকতে হবে। এখন আমাদের মনোযোগ এফএ কাপের ফাইনালে।'
একাদশে একাধিক পরিবর্তন এনে খেলিয়েছিলেন গার্দিওলা। তবে কঠিন প্রতিপক্ষ ক্রিস্টাল প্যালেসকে হারাতে তার দলকে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে বলেও জানান তিনি। চলতি মাসের শেষ দিকে উয়েফা কনফারেন্স লিগের ফাইনালে রায়ো ভায়েকানোর মুখোমুখি হবে প্যালেস।
এখন সিটির সামনে ওয়েম্বলিতে চেলসির বিপক্ষে এফএ কাপের ফাইনাল।
তবে প্রিমিয়ার লিগের শিরোপা যে পুরোপুরি আর্সেনালের হাতেই, সেটিও পরিষ্কার করে দিয়েছেন গার্দিওলা। মিকেল আর্তেতার দল ২০০৪ সালের পর প্রথমবারের মতো লিগ শিরোপা জয়ের খুব কাছে।
বিবিসিকে গার্দিওলা বলেন, 'সবকিছু তাদের ওপর নির্ভর করছে। তারা যদি বাকি দুই ম্যাচ জিতে যায়, তাহলে আর কিছু বলার নেই। আমরা শুধু প্রস্তুত থাকব, যদি কোনো সুযোগ আসে।'
আগামী সোমবার অবনমিত বার্নলির বিপক্ষে খেলবে আর্সেনাল। সেই ম্যাচে জিতলে পরদিন বোর্নমাউথের বিপক্ষে জিততেই হবে সিটিকে, নাহলে শিরোপার আশা শেষ হয়ে যাবে।
এদিকে এফএ কাপ নিয়েও বেশ সতর্ক গার্দিওলা। গত দুই মৌসুমে ফাইনালে হেরে ট্রফি হাতছাড়া করেছে সিটি। এবার সেই হতাশা কাটিয়ে ঘরোয়া ডাবল জয়ের লক্ষ্য তাদের সামনে। এরই মধ্যে লিগ কাপ জিতেছে ম্যানচেস্টারের ক্লাবটি।
গার্দিওলা বলেন, 'এখন যত দ্রুত সম্ভব বিশ্রাম নিয়ে এফএ কাপের প্রস্তুতি নিতে হবে। আমাদের সেটাই করতে হবে। এফএ কাপের প্রতি আমাদের ভীষণ সম্মান আছে। গত দুইবার আমরা হেরেছি, কারণ আমরা যথেষ্ট ভালো খেলতে পারিনি।'
চেলসিকে নিয়েও সতর্ক সিটি কোচ, 'আমরা জিততে চাই। শারীরিক ও মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। চেলসির মৌসুম হয়তো খুব ভালো যাচ্ছে না, কিন্তু তাদের মানের অভাব নেই। তারাও নিজেদের সেরাটা দেবে, আমরাও দেব।'