১০০ পয়েন্টের স্বপ্ন ভাঙল বার্সেলোনার
লা লিগার ইতিহাসে ১০০ পয়েন্ট স্পর্শ করার স্বপ্ন শেষ পর্যন্ত পূরণ হলো না বার্সেলোনার। সদ্য শিরোপা জেতা কাতালান ক্লাবটি বুধবার আলাভেসের মাঠে ১-০ গোলে হেরে বিদায় জানাল সেই সম্ভাবনাকে।
রেকর্ড ছুঁতে হলে বাকি তিন ম্যাচই জিততে হতো হানসি ফ্লিকের দলকে। কিন্তু প্রথম বাধাতেই থেমে গেল তারা।
ম্যাচের একমাত্র গোলটি করেন ইব্রাহিম দিয়াবাতে। প্রথমার্ধের যোগ করা সময়ে করা সেই গোলেই গুরুত্বপূর্ণ জয় তুলে নেয় আলাভেস। এই জয়ে অবনমন অঞ্চল থেকে বেরিয়ে ১৫ নম্বরে উঠে এসেছে কিকে সানচেস ফ্লোরেসের দল।
ম্যাচ শেষে বার্সা কোচ হানসি ফ্লিক বলেন, 'সহজ ম্যাচ ছিল না। তারা খুব কঠিনভাবে লড়েছে। তবে এটা স্বাভাবিক, কারণ তারা লা লিগায় টিকে থাকার জন্য খেলছে।'
তিনি আরও বলেন, 'প্রথমার্ধের শেষ মুহূর্তে আমরা গোল হজম করেছি। তবে আমি ইতিবাচক দিকগুলোই দেখব। আজ যারা তরুণ খেলোয়াড় খেলেছে, তাদের পারফরম্যান্স এবং অন্যদের বিশ্রাম দিতে পারাটাও গুরুত্বপূর্ণ ছিল।'
রোববার এল ক্লাসিকো জিতে টানা দ্বিতীয় লিগ শিরোপা নিশ্চিত করার পর এই ম্যাচে একাধিক পরিবর্তন আনেন ফ্লিক। ২১ বছর বয়সী সেন্টারব্যাক আলভারো কোর্তেসকে অভিষেকও করান তিনি।
সোমবার খোলা বাসে করে লিগ শিরোপা উদযাপন করেছিল বার্সেলোনা। মাঠের পারফরম্যান্সেও যেন সেই উদযাপনের প্রভাব ছিল কিছুটা।
বল দখলে এগিয়ে থাকলেও খুব বেশি পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি বার্সা। উইংয়ে মার্কাস র্যাশফোর্ড কিছুটা গতি ও প্রাণ ফেরানোর চেষ্টা করেছিলেন, কিন্তু আলাভেসের রক্ষণ ছিল দৃঢ়।
প্রথমার্ধের যোগ করা সময়ে কর্নার থেকে বিপদ তৈরি হয় বার্সার বক্সে। আন্তোনিও ব্লাঙ্কোর হেড ফের গোলমুখে এলে দ্রুত প্রতিক্রিয়া দেখাতে পারেননি বার্সার ডিফেন্ডাররা। সুযোগ পেয়ে বয়েচেখ শেজনির জাল ভেদ করেন দিয়াবাতে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারও গোলের সুযোগ পেয়েছিলেন দিয়াবাতে, তবে এবার তার শট ঠেকিয়ে দেন শেজনি।
বার্সা ম্যাচে ফেরার মতো বড় সুযোগ খুব একটা তৈরি করতে পারেনি। উল্টো আলাভেসই ব্যবধান বাড়ানোর কাছাকাছি চলে গিয়েছিল। জন গুরিদির শট শেজনিকে পরাস্ত করলেও পোস্টে লেগে ফিরে আসে।