ফিলিস্তিনের পতাকা হাতে ইয়ামাল, ক্ষোভ ইসরায়েলের, গর্বিত স্পেন
লামিন ইয়ামালকে ঘিরে নতুন বিতর্কে উত্তাল স্পেন ও ইসরায়েল। বার্সেলোনার শিরোপা উদ্যাপন মিছিলে ফিলিস্তিনের পতাকা ওড়ানোর ঘটনায় ইসরায়েলের তীব্র সমালোচনার মুখে পড়েছেন তরুণ এই তারকা। তবে তার পক্ষেই দৃঢ় অবস্থান নিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।
সোমবার খোলা বাসে করে শহরজুড়ে শিরোপা উদ্যাপন করে বার্সেলোনা। টানা দ্বিতীয় লা লিগা জয়ের আনন্দ মিছিলে ১৮ বছর বয়সী ইয়ামালকে ফিলিস্তিনের পতাকা হাতে দেখা যায়। সেই দৃশ্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
বিষয়টি নিয়ে বৃহস্পতিবার কড়া প্রতিক্রিয়া জানান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। তিনি অভিযোগ করেন, ইয়ামাল ইসরায়েলের বিরুদ্ধে 'ঘৃণা উসকে দেওয়ার' পথ বেছে নিয়েছেন।
এক্সে দেওয়া এক পোস্টে কাটজ লেখেন, 'বার্সেলোনার মতো বড় ও সম্মানিত একটি ক্লাব এই মন্তব্য থেকে নিজেদের দূরে রাখবে বলে আশা করি। একই সঙ্গে তারা স্পষ্ট করবে যে উসকানি কিংবা সন্ত্রাসবাদের সমর্থনের কোনো জায়গা নেই।'
এর জবাবে সরাসরি ইয়ামালের পাশে দাঁড়ান সানচেজ। ইসরায়েলের গাজা অভিযানের কড়া সমালোচক হিসেবে পরিচিত স্প্যানিশ প্রধানমন্ত্রী আগেও এই যুদ্ধকে 'গণহত্যা' বলে উল্লেখ করেছিলেন।
এক্সে তিনি লেখেন, 'যারা মনে করে কোনো রাষ্ট্রের পতাকা ওড়ানো মানেই "ঘৃণা ছড়ানো", তারা হয় বাস্তববোধ হারিয়ে ফেলেছে, নয়তো নিজেদের লজ্জায় অন্ধ হয়ে গেছে।'
তিনি আরও বলেন, 'লামিন শুধু ফিলিস্তিনের প্রতি সেই সংহতিই প্রকাশ করেছে, যা লাখো স্প্যানিয়ার্ড অনুভব করে। তাকে নিয়ে গর্ব করার এটি আরও একটি কারণ।'
স্পেনে ফিলিস্তিনের প্রতি সমর্থন দীর্ঘদিন ধরেই ব্যাপক। ইয়ামালের অবস্থানও গাজায় নজর কাড়ে। যুদ্ধবিধ্বস্ত এক শরণার্থী শিবিরে ধ্বংসস্তূপের ওপর ইয়ামালের ফিলিস্তিনের পতাকা হাতে একটি দেয়ালচিত্রও আঁকা হয়েছে বলে জানিয়েছে এএফপি।
তবে বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক বিষয়টি নিয়ে অস্বস্তির কথা জানিয়েছেন। তিনি বলেন, 'আমি এটা পছন্দ করিনি। তবে যদি সে এটা করতে চায়, সেটি তার সিদ্ধান্ত।'
২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর শুরু হওয়া গাজা যুদ্ধকে ঘিরে স্পেন ও ইসরায়েলের সম্পর্ক ক্রমেই অবনতি হয়েছে। ২০২৪ সালে স্পেন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পর ইসরায়েল তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নেয়। অন্যদিকে গত মার্চে তেল আবিব থেকে নিজেদের শীর্ষ কূটনীতিককেও সরিয়ে নেয় স্পেন।