যেখানে আর্সেনালকে বিশ্বসেরা মানছেন পিএসজি কোচ
চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে আর্সেনালের প্রশংসায় পঞ্চমুখ প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) প্রধান কোচ লুইস এনরিকে। তিনি মনে করেন, পায়ে বল না থাকলে আর্সেনালই বর্তমান বিশ্বের সেরা দল।
২২ বছরের অপেক্ষার পর মঙ্গলবার প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছে আর্সেনাল। এনরিকে বলেন, আর্সেনাল যে ইউরোপের সবচেয়ে বড় এই প্রতিযোগিতার ফাইনালে উঠেছে, তাতে অবাক হওয়ার কিছু নেই।
বুধবার সংবাদ সম্মেলনে এনরিকে বলেন, 'মিকেল আর্তেতার আর্সেনালের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের আছে। পায়ে বল থাকলে তারা কতটা দুর্দান্ত, তা আমরা জানি।'
তিনি আরও বলেন, 'তবে বল ছাড়া তারা যে বিশ্বের সেরা দল, তাতে কোনো সন্দেহ নেই। বল পায়ে থাকলে তারা যেকোনো সময় গোল করতে পারে।'
'তাদের ফাইনালে আসাটা খুবই স্বাভাবিক। দুটি ভিন্ন ঘরানার দলের লড়াইয়ে ফাইনালটি বেশ কঠিন হবে। তবে আমরা দারুণ এক ফাইনাল দেখতে চলেছি।'
৩০ মে বুদাপেস্টে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের আগে প্রেসিং ও রক্ষণভাগের ওপর বাড়তি গুরুত্ব দিচ্ছেন পিএসজি কোচ। এ ক্ষেত্রে তিনি দলের তারকা ফরোয়ার্ড উসমান দেম্বেলের পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।
স্প্যানিশ এই কোচ বলেন, 'ম্যাচের পরিস্থিতি বা সময় যাই হোক না কেন, দেম্বেলে সব সময় রক্ষণভাগে দায়িত্ব পালন করে।'
'দলে তার থাকাটা খুব জরুরি। সাধারণত আমরা ফরোয়ার্ডদের গোল করা বা অ্যাসিস্টের দিকেই মনোযোগ দিই, কিন্তু একজন ডিফেন্ডার হিসেবে সে কী করছে তা অনেকেই খেয়াল করে না। দলের পায়ে বল না থাকলে সবাইকেই রক্ষণ সামলাতে হয়।'