লা লিগার সেরা খেলোয়াড় ইয়ামাল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ শুরুর ঠিক আগে আরও একটি বড় স্বীকৃতি পেলেন স্পেন ও বার্সেলোনার বিস্ময়বালক লামিন ইয়ামাল। শুক্রবার তাকে ২০২৫-২৬ মৌসুমের লা লিগার সেরা খেলোয়াড় হিসেবে ঘোষণা করেছে স্প্যানিশ লিগ কর্তৃপক্ষ।

মাত্র ১৮ বছর বয়সেই বার্সেলোনার শিরোপা ধরে রাখার মিশনে সবচেয়ে বড় ভূমিকা রাখা ফুটবলারদের একজন ছিলেন ইয়ামাল। পুরো মৌসুমে তিনি ১৬টি গোল করার পাশাপাশি ১১টি অ্যাসিস্টও করেছেন। লা লিগায় বার্সেলোনার সর্বোচ্চ গোলদাতাও ছিলেন এই তরুণ উইঙ্গার।

শুধু তাই নয়, এক মৌসুমে তিনবার ‘মাসসেরা খেলোয়াড়’ পুরস্কার জিতে নতুন কীর্তিও গড়েছেন তিনি।

এক বিবৃতিতে বার্সেলোনা জানিয়েছে, প্রতিপক্ষের রক্ষণভাগের জন্য ইয়ামাল যেন এক দুঃস্বপ্ন। তাকে থামাতে বাড়তি পরিকল্পনা করতে হয় প্রতিটি দলকে। গোল ও অ্যাসিস্টের পরিসংখ্যানের বাইরে তার প্রভাব আরও অনেক বেশি।

ক্লাবটির ভাষ্য অনুযায়ী, “ইয়ামাল এমন একজন খেলোয়াড়, যাকে থামাতে প্রতিপক্ষ রক্ষণভাগকে বিশেষ প্রস্তুতি নিতে হয়। ১৬ গোল ও ১১ অ্যাসিস্টের পাশাপাশি গোল তৈরির ক্ষেত্রেও তার প্রভাব ছিল অসাধারণ। লা লিগায় আর কোনো খেলোয়াড় এত বেশি গোলের সুযোগ তৈরি করতে পারেনি।”

এর আগের দিন বার্সেলোনার কোচ হ্যান্সি ফ্লিক লা লিগার বর্ষসেরা কোচের পুরস্কার জিতেছিলেন। ফলে ব্যক্তি পর্যায়ের দুই প্রধান পুরস্কারই গেছে কাতালান ক্লাবটির ঘরে।

তবে মৌসুমজুড়ে চোটও পিছু ছাড়েনি ইয়ামালের। কুঁচকির সমস্যায় একাধিকবার মাঠের বাইরে থাকতে হয়েছে তাকে। মৌসুমের শেষ ছয় ম্যাচও খেলতে পারেননি হ্যামস্ট্রিং চোটের কারণে।

আশার খবর, আগামী সপ্তাহে শুরু হতে যাওয়া বিশ্বকাপের আগে পুরোপুরি ফিট হয়ে উঠবেন তিনি। স্পেনের বিশ্বকাপ পরিকল্পনায় অন্যতম বড় ভরসা হিসেবেই দেখা হচ্ছে ইয়ামালকে।