‘অব্যবস্থাপনায়’ আর্জেন্টিনায় পৌঁছাতে পারছে না বুর্কিনা ফাসো, ম্যাচ নিয়ে অনিশ্চয়তা
পরের দিন ম্যাচ, কিন্তু আগের দিনও আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে আর্জেন্টিনায় পৌঁছাতে পারেনি বুর্কিনা ফাসো দল। কারণ হিসেবে জানা গেছে ফ্লাইট বিড়ম্বনায় পড়েছে দলটি। এতে করে আর্জেন্টিনা ও বুর্কিনা ফাসোর ম্যাচ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।
সেপ্টেম্বরের শেষ দিকে আফ্রিকা কাপ অব নেশনসের বাছাইপর্বের দুটি ম্যাচ খেলতে মরক্কোয় অবস্থান করছিল বুর্কিনা ফাসো। গত ২৮ সেপ্টেম্বর কাসাব্লাঙ্কায় মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রকে ১-০ গোলে হারানোর পর, ৩০ সেপ্টেম্বর চার্টার্ড ফ্লাইটে আর্জেন্টিনার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল তাদের। কিন্তু বুর্কিনা ফাসো ফুটবল ফেডারেশনের তথ্য অনুযায়ী, শেষ মুহূর্তে সেই ট্রিপটি বাতিল হয়ে যায়।
এক বিবৃতিতে আফ্রিকান দেশটি জানায়, ‘সমস্যাটি তৈরি হওয়ার পরপরই ক্রীড়া মন্ত্রণালয়, ফেডারেশন ও দূতাবাস দ্রুত সমাধান খোঁজার চেষ্টা করছে। নতুন করে ফ্লাইট ব্যবস্থা করার একাধিক বিকল্প ভাবা হলেও, বিশেষ করে দীর্ঘ ভ্রমণক্লান্তি নিয়ে খেলোয়াড়দের মনে শঙ্কা তৈরি হয়েছে।’
পরিস্থিতি নিয়ে ফুটবলারদের অসন্তোষের খবরও সামনে এসেছে। স্পোর্ট নিউজ আফ্রিকার প্রতিবেদন অনুযায়ী, চরম অব্যবস্থাপনায় ক্ষুব্ধ হয়ে মরক্কোয় নির্ধারিত অনুশীলন বয়কট করেছেন বুর্কিনা ফাসোর ফুটবলাররা।
টিএনটি স্পোর্টস জানিয়েছে, আর্জেন্টিনার এএফএ বুর্কিনা ফাসোকে স্পষ্ট জানিয়ে দিয়েছে—নির্ধারিত সময় স্থানীয় রাত ৯টায় (বাংলাদেশ সময় রোববার সকাল ৬টা) ম্যাচ খেলতে হলে শনিবার স্থানীয় সময় দুপুর ১টার (বাংলাদেশ সময় শনিবার রাত ১০টা) মধ্যে বুয়েনস আইরেসে পৌঁছাতে হবে দলকে।
একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের সূচি হয় অনেক আগে। ভাড়া করা উড়োজাহাজের ব্যবস্থাও থাকে। এসবের পরও কীভাবে দলটি এখনো ভেন্যুতে যেতে পারল না, তা নিয়ে চলছে আলোচনা।
বুর্কিনা ফাসো পৌঁছাতে না পারলে কী হবে?
যদি আফ্রিকান দলটি সময়মতো পৌঁছাতে না পারে, তবে কয়েকটি বিকল্প নিয়ে আলোচনা চলছে—ম্যাচটি পিছিয়ে দেওয়া, বুর্কিনা ফাসোর স্থানে আর্জেন্টিনার কোনো ক্লাব দলকে মাঠে নামানো কিংবা পুরোপুরি বাতিল ঘোষণা করা। তবে এএফএ ম্যাচ বাতিলের দিকে যেতে একেবারেই নারাজ, কারণ প্রীতি ম্যাচের ফি আদায়ের বিষয়টি জড়িত। গত মার্চে মৌরিতানিয়া ও জাম্বিয়ার 'সঙ্গে' খেলার সময়ও একই ধরনের বাণিজ্যিক পরিকল্পনা ছিল তাদের।
এদিকে আগামী ৬ অক্টোবর বেনিনের 'সঙ্গে' আরও একটি প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার। ২০২৬ বিশ্বকাপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানাতে চাওয়া লিওনেল মেসিকে সেই ম্যাচটিতে বিশেষ সংবর্ধনা দেবে দল।
