আল নাসরকে সাফল্য পাইয়ে দিতে উন্মুখ রোনালদো
ইউরোপিয়ান ক্লাব ফুটবল ছেড়ে ক্রিস্তিয়ানো রোনালদো যোগ দিলেন আল নাসরে। সৌদি আরব প্রো লিগের ক্লাবটিতে সাফল্য পেতে মুখিয়ে আছেন পর্তুগালের মহাতারকা। ইউরোপে দুই দশক কাটিয়ে যে অভিজ্ঞতা তিনি সঞ্চয় করেছেন, সেটা এবার ছড়িয়ে দিতে চান এশিয়াতে।
শুক্রবার রাতে সব জল্পনা-কল্পনার অবসান ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে রোনালদোকে দলে নেওয়ার খবর নিশ্চিত করেছে আল নাসর। ৩৭ বছর বয়সী পর্তুগিজ ফরোয়ার্ডের সঙ্গে দুই বছরের জন্য চুক্তি করেছে তারা। গত মাসে পারস্পরিক সমঝোতায় ম্যানচেস্টার ইউনাইটেড ছাড়ার পর থেকে ক্লাববিহীন ছিলেন রোনালদো।
পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী ফুটবলারের সঙ্গে চুক্তির আর্থিক দিকগুলো খোলাসা করেনি আল নাসর। আমেরিকান গণমাধ্যম ইএসপিএন জানিয়েছে, প্রতি বছর সাড়ে সাত কোটি ডলার করে বেতন পাবেন রোনালদো। এমনটা ঘটলে তিনি হবেন ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার। এছাড়া, বেশি কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি, অন্যান্য বোনাস মিলিয়ে দুই বছরে মোট ২০ কোটি ডলার রোনালদোর পকেটে ঢুকবে।
নতুন ঠিকানায় যোগ দিয়ে উচ্ছ্বসিত রোনালদো আছেন নতুন অভিজ্ঞতার স্বাদ নেওয়ার অপেক্ষায়। আল নাসরের দেওয়া বিবৃতিতে তিনি বলেন, 'একটি ভিন্ন দেশে একটি নতুন ফুটবল লিগের অভিজ্ঞতা নিতে আমি মুখিয়ে আছি। সৌদি আরবের ফুটবলের উন্নয়নে আল নাসরের যে লক্ষ্য সেটা খুবই অনুপ্রেরণাদায়ক।'
সব মিলিয়ে ইউরোপের চারটি ক্লাবে রোনালদো কাটিয়েছেন ২০ বছর। বর্ণাঢ্য ক্যারিয়ারে তিনি পাঁচটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি ইংলিশ প্রিমিয়ার লিগ ও দুটি করে স্প্যানিশ লা লিগা এ ইতালিয়ান সিরি আ জিতেছেন। এশিয়াতে পাড়ি জমিয়ে সমৃদ্ধ অভিজ্ঞতার ঝাঁপি মেলে ধরতে চান তিনি, 'আমি ভাগ্যবান যে আমি ইউরোপিয়ান ফুটবলে যা যা জেতার জন্য লক্ষ্যস্থির করেছিলাম সেসব জিতেছি। এখন অনুভব করছি যে এশিয়াতে আমার অভিজ্ঞতা ভাগাভাগি করার এটাই সঠিক মুহূর্ত।'
সৌদি প্রো লিগের ইতিহাসে আল হিলালের পর দ্বিতীয় সেরা সাফল্য আল নাসরের। তারা শিরোপা জিতেছে নয়বার। রোনালদোর তর সইছে না ক্লাবটির হয়ে মাঠে নেমে অবদান রাখার জন্য, 'আমি আমার নতুন সতীর্থদের সঙ্গে যোগ দিতে এবং তাদের সঙ্গে নিয়ে এই ক্লাবকে সাফল্য অর্জনে সহায়তা করতে মুখিয়ে আছি।'
উল্লেখ্য, চলমান ২০২২-২৩ মৌসুমের লিগে দুইয়ে আছে আল নাসর। ১০ ম্যাচে তাদের অর্জন ২৩ পয়েন্ট। সমান ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে আল শাবাব।