রিয়ালের পারফরম্যান্সে হতাশ এমবাপে
লিসবনে রিয়াল মাদ্রিদের নাটকীয় হার শুধু পয়েন্ট তালিকার সমীকরণই বদলায়নি, কাঁপিয়ে দিয়েছে দলের আত্মবিশ্বাসও। চ্যাম্পিয়ন্স লিগের লিগ পর্বে এই পরাজয়ের ফলে রিয়ালকে নামতে হচ্ছে প্লে-অফের অনিশ্চিত লড়াইয়ে, আর ম্যাচ শেষে সেই হতাশা আর ক্ষোভ প্রকাশ্যে উগরে দিয়েছেন কিলিয়ান এমবাপে।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বেনফিকার বিপক্ষে ৪-২ গোলের ব্যবধানে হেরেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে দুই গোল করেও হার ঠেকাতে না পারা এমবাপে কোনো অজুহাত না খুঁজে বরং সরাসরি নিজের দলকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন।
নিজেদের পারফরম্যান্স নিয়ে একেবারে নির্মোহ ভাষায় এমবাপে বলেন, "আমার কাছে এর কোনো পরিষ্কার ব্যাখ্যা নেই। আমরা আমাদের খেলায় ধারাবাহিকতা হারাচ্ছি, এটাই সবচেয়ে বড় সমস্যা। একদিন ভালো খেলব, পরদিন খারাপ খেলব, এটা কোনো চ্যাম্পিয়ন দলের পরিচয় হতে পারে না।"
ফেব্রুয়ারিকে উন্নতির সময় হিসেবে কাজে লাগানোর প্রত্যাশা ছিল জানিয়ে তিনি বলেন, "আমরা ফেব্রুয়ারিকে ব্যবহার করতে চেয়েছিলাম উন্নতির জন্য, কিন্তু বাস্তবতা হলো আমরা যে অবস্থানে আছি, সেটাই আমাদের প্রাপ্য। এটা একটু কষ্টের, কিন্তু সত্যিটাই এমন।"
ম্যাচের পারফরম্যান্স নিয়ে আরও কঠোর ছিলেন ফরাসি তারকা। স্পষ্ট ভাষায় বলেন, "আমরা খুবই বাজেভাবে খেলেছি… ৩–২ ব্যবধানে পিছিয়ে থাকার সময় চতুর্থ গোলটা আসলে কিছুই বদলায়নি। এটা একটু বিব্রতকর, কিন্তু বাস্তবতায় কিছু পরিবর্তন করে না।" দুই গোল করেও তিনি দায় এড়াননি, বরং পুরো দলের দায় স্বীকার করেছেন খোলামেলাভাবে।
ধারাবাহিকতার প্রসঙ্গে আবারও জোর দিয়ে এমবাপে বলেন, "গত সপ্তাহে আমরা কিছু ভালো ম্যাচ খেলেছি, কিন্তু এখন না। আমাদের ধারাবাহিকতা দরকার। আমরা একটু একটু করে সবকিছুর ঘাটতিতে ভুগছি।"
সমস্যাকে শুধু একটি জায়গায় সীমাবদ্ধ না করে তিনি যোগ করেন, "আমি বলব না এটা শুধু মানসিকতার সমস্যা, বা শুধু ফুটবলের সমস্যা। এটা একটি সামগ্রিক সমস্যা। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিটি ছোট ছোট বিষয়ই গুরুত্বপূর্ণ। আপনি যদি একটি ম্যাচ জিততে সবকিছু নিয়ে মাঠে না নামেন, তাহলে শাস্তি পেতেই হবে।"
তবে হতাশা আর আত্মসমালোচনার মাঝেও সমর্থকদের উদ্দেশে আশার বার্তা দিতে ভোলেননি এমবাপে। বার্নাব্যুর সমর্থকদের উদ্দেশে তিনি বলেন, "আমি বার্নাব্যুর সমর্থকদের বলছি, দলের পাশে দাঁড়ানোর মানসিকতা নিয়ে মাঠে আসুন। আমরা এখনো বাদ পড়িনি। লা লিগায় আমরা ভালো ধারায় আছি। বার্নাব্যু যদি আমাদের পাশে থাকে, তাহলে রবিবার আমরা একটি দারুণ ম্যাচ খেলতে পারব।"