সাফ অনূর্ধ্ব-১৯ নারী ফুটবল: ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক

নেপালে সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের দাপট ধরে রাখল বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সোমবার আসরের দ্বিতীয় ম্যাচে ভারতকে ২-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পিটার বাটলারের দল।

পোখরা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই দুই গোল করে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। এর আগে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে ভুটানকে ১২-০ গোলে উড়িয়ে দিয়ে যাত্রা শুরু করেছিল তারা।

ম্যাচের শুরুতে অবশ্য ভারতকে কিছুটা আক্রমণাত্মক মেজাজে দেখা যায়। নেপালকে ১-০ গোলে হারিয়ে আসা ভারতীয় দলটি প্রথম কোয়ার্টারেই বাংলাদেশের রক্ষণে ভীতি ছড়ায়। ম্যাচের নবম মিনিটে গোলরক্ষক ইয়ারজান বেগমের ক্ষিপ্রতায় রক্ষা পায় বাংলাদেশ; দারুণ এক সেভে জাল অক্ষত রাখেন তিনি।

প্রাথমিক চাপ সামলে নিয়ে ধীরে ধীরে গুছিয়ে ওঠে বাটলারের শিষ্যরা। বলের নিয়ন্ত্রণ ও মাঝমাঠে দারুণ বোঝাপড়ার ফল আসে ২৯তম মিনিটে। ডান প্রান্ত থেকে নেওয়া এক বাঁ-পায়ের ফ্রি-কিক ভারতীয় গোলরক্ষক মুন্নি ঠিকঠাক ক্লিয়ার করতে না পারলে ফিরতি বলে লক্ষ্যভেদ করেন অধিনায়ক অর্পিতা বিশ্বাস।

ম্যাচের ৪০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বাংলাদেশ। ডান প্রান্ত দিয়ে মুনকি আক্তারের বাড়ানো নিখুঁত ক্রসে পা ছুঁইয়ে বল জালে পাঠান আলপি আক্তার। চলতি নারী ফুটবল লিগে রাজশাহী স্টারসের হয়ে সর্বোচ্চ ২৫ গোল করা আলপি এই টুর্নামেন্টেও ৪ গোল নিয়ে এখন পর্যন্ত মুনকির সঙ্গে যৌথভাবে শীর্ষে রয়েছেন।

কৌশলগত কারণে ম্যাচের ৩৭ মিনিটে মামণি চাকমার পরিবর্তে শান্তি মার্ডিকে নামান কোচ। দ্বিতীয়ার্ধে চোটের কারণে মাঠ ছাড়তে হয় সৌরভী আকন্দ প্রীতিকে, তার স্থলাভিষিক্ত হন মমিতা।

রাউন্ড-রবিন লিগে নিজেদের শেষ ম্যাচে আগামী বুধবার স্বাগতিক নেপালের মুখোমুখি হবে বাংলাদেশ।