২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হেরে বিদায়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ
এশিয়ান গেমস হকির বাছাইপর্বে বড় এক ধাক্কা খেল বাংলাদেশ। দীর্ঘ ২০ বছর পর শ্রীলঙ্কার কাছে হারের তেতো স্বাদ পেল লাল-সবুজের প্রতিনিধিরা। ফলে এশিয়ান গেমসের বাছাইপর্ব থেকে ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গেছে তারা।
শুক্রবার থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত এই ম্যাচে ৩-২ গোলে হেরেছে বাংলাদেশ। এখন সেমিফাইনাল এবং এশিয়ান গেমসের মূল পর্বের আশা বাঁচিয়ে রাখতে উজবেকিস্তানের বিপক্ষে জয় ছাড়া আর কোনো বিকল্প নেই দলের সামনে।
টানা দুই জয়ে এরই মধ্যে সেমিফাইনাল ও এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত করে ফেলেছে শ্রীলঙ্কা। অন্যদিকে, দুই ম্যাচ শেষে বাংলাদেশ ও উজবেকিস্তান, উভয় দলেরই সংগ্রহ সমান ৩ পয়েন্ট। তবে চাইনিজ তাইপেকে ৯-০ গোলে উড়িয়ে দিয়ে গোল ব্যবধানে এগিয়ে আছে উজবেকিস্তান। তাই বাঁচা-মরার লড়াইয়ে উজবেকদের বিপক্ষে এখন শুধুই জয়ের খোঁজে নামতে হবে বাংলাদেশকে।
শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই হার অঘটনই বটে। পরিসংখ্যান বলছে, ২০০৬ সালে কলম্বোয় এসএ গেমসের সেমিফাইনালে ২-০ গোলে হারের পর গত দুই দশকে লঙ্কানদের কাছে আর কখনোই হারেনি বাংলাদেশ। ২০১৪ সালের এশিয়ান গেমস বাছাইপর্ব থেকে শুরু করে টানা আট দেখায় প্রতিবারই জয়ের হাসি হেসেছিল লাল-সবুজরা। এমনকি গত এপ্রিলে (২০২৫) পুরুষদের এএইচএফ কাপের সর্বশেষ লড়াইয়েও শ্রীলঙ্কাকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছিল বাংলাদেশ। কিন্তু এবার আর সেই আধিপত্য ধরে রাখতে পারল না তারা।
আগের দিনই চাইনিজ তাইপের বিপক্ষে ৪-৩ গোলের ঘামঝরানো জয় পেয়েছিল বাংলাদেশ। সেই ম্যাচের ২৪ ঘণ্টা না পেরোতেই ফের মাঠে নামতে হয় তাদের। হয়তো সেই ক্লান্তির কারণেই ম্যাচের শুরুতেই কিছুটা খেই হারিয়ে ফেলে দল। প্রথম পেনাল্টি কর্নার (পিসি) থেকেই গোল করে শ্রীলঙ্কাকে এগিয়ে দেন সেরান বোথালে।
তবে ১৩ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে বাংলাদেশকে সমতায় ফেরান আশরাফুল ইসলাম। কিন্তু সমতায় ফেরার আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। মাত্র তিন মিনিট পর ১৬ মিনিটে ওপেন প্লে থেকে গোল করে লঙ্কানদের ফের এগিয়ে দেন কুশল ভিরাপুলু।
এরপর ৪৯ মিনিটে সুরেশ রত্নায়েকে গোল করে শ্রীলঙ্কার লিড ৩-১ করেন। একই মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ৩-২ করেন বাংলাদেশের আমিরুল ইসলাম। ম্যাচের বাকি সময়ে সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে লড়লেও আর জালের দেখা পায়নি বাংলাদেশ। রক্ষণভাগ শক্ত রেখে স্মরণীয় এক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ে শ্রীলঙ্কা।