সোনালী শিরোপার লড়াই: বিশ্বকাপ ফাইনালের জানা-অজানা
মন্তেভিদিওর সেন্তেনারিও স্টেডিয়াম থেকে শুরু হওয়া রোমাঞ্চকর পথচলা এবার এসে মিশছে নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। ১৯৩০ সালের সেই প্রথম ফাইনাল থেকে ২০২৬ সালের আসন্ন মহারণ— মাঝখানের এই ৯৬ বছরে বিশ্বকাপ ফাইনাল মানেই কোটি কোটি ফুটবলপ্রেমীর উন্মাদনার এক মহাকাব্য। ইতিহাসের পাতায় মারাকানায় ব্রাজিলের স্তব্ধতা কিংবা লুসাইল স্টেডিয়ামে আর্জেন্টিনার লিওনেল মেসির অমরত্ব পাওয়ার গল্পগুলো যেমন অমলিন, ঠিক তেমনি আগামী ১৯ জুলাই দিবাগত রাতে মেটলাইফ স্টেডিয়ামে রচিত হতে যাচ্ছে নতুন কোনো রূপকথা।
ফুটবলের এই পরম আরাধ্য সোনালী ট্রফি জয়ের অন্তিম লড়াইয়ের ইতিহাস, রোমাঞ্চকর পরিসংখ্যান আর জানা-অজানা সব তথ্য নিয়েই এবারের আয়োজন।
* কতটি দল ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলেছে?
এখন পর্যন্ত মাত্র ১৩টি দল ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলার গৌরব অর্জন করেছে। ১৯৩০ থেকে ২০২২ সাল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া ২২টি আসরে মোট ৮০টি দল মূল পর্বে অংশ নিলেও শিরোপা নির্ধারণী মঞ্চে পৌঁছাতে পেরেছে কেবল হাতেগোনা এই কয়েকটি দল। তারা হলো ব্রাজিল, জার্মানি (তৎকালীন পশ্চিম জার্মানিসহ), ইতালি, আর্জেন্টিনা, ফ্রান্স, উরুগুয়ে, স্পেন, ইংল্যান্ড, নেদারল্যান্ডস, তৎকালীন চেকোস্লোভাকিয়া, ক্রোয়েশিয়া, হাঙ্গেরি ও সুইডেন।
* কতটি দল বিশ্বকাপের ফাইনাল জিতেছে অর্থাৎ চ্যাম্পিয়ন হয়েছে?
ফাইনাল খেলা ১৩টি দলের মধ্যে ব্রাজিল (রেকর্ড পাঁচবার), জার্মানি (চারবার), ইতালি (চারবার), আর্জেন্টিনা (তিনবার), ফ্রান্স (দুবার), উরুগুয়ে (দুবার), স্পেন (একবার) ও ইংল্যান্ড (একবার)— এই আটটি দল বিশ্বকাপের শিরোপা জিতেছে।
* কোন আসরে কোনো ফাইনাল ম্যাচ ছিল না?
বিশ্বকাপের ২২টি আসর মাঠে গড়ালেও ফাইনাল অনুষ্ঠিত হয়েছে ২১টি। ১৯৫০ সালে অনুষ্ঠিত আসরে কোনো ফাইনাল ম্যাচ ছিল না। অংশগ্রহণকারী ১৩টি দল চার গ্রুপে বিভক্ত হয়ে খেলেছিল। প্রতিটি গ্রুপের সেরা দল নিয়ে আয়োজিত হয় চার দলের একটি ফাইনাল রাউন্ড। রাউন্ড-রবিন পদ্ধতির এই পর্বে প্রতিটি দল একে অপরের মুখোমুখি হয়েছিল এবং তারপর পয়েন্ট তালিকার শীর্ষে থাকা দলই চ্যাম্পিয়ন হয়।
মজার ব্যাপার হলো, আয়োজক ব্রাজিল ও উরুগুয়ের মধ্যকার আসরের শেষ ম্যাচটি রূপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। ড্র করলেই শিরোপা নিশ্চিত হতো ব্রাজিলের। অন্যদিকে, উরুগুয়ের প্রয়োজন ছিল জয়। ম্যাচে পিছিয়ে পড়েও হুয়ান শিয়াফিনো ও আলসিদেস ঘিঘিয়ার গোলে ২-১ ব্যবধানে জিতে চ্যাম্পিয়ন হয় উরুগুয়ে।
* কোন দল সবচেয়ে বেশিবার বিশ্বকাপের ফাইনাল খেলেছে?
ইতিহাসের সর্বোচ্চ আটবার ফিফা বিশ্বকাপের ফাইনাল খেলেছে জার্মানি। ১৯৫৪, ১৯৬৬, ১৯৭৪, ১৯৮২, ১৯৮৬, ১৯৯০, ২০০২ ও ২০১৪ সালের আসরে তারা শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নেমেছিল। তবে ১৯৯০ সাল পর্যন্ত তারা পশ্চিম জার্মানি নামে পরিচিত ছিল। সাতবার ফাইনাল খেলে এই তালিকার দ্বিতীয় স্থানে আছে ব্রাজিল। আর ইতালি ও আর্জেন্টিনা ছয়বার করে ফাইনাল খেলে যৌথভাবে তৃতীয় অবস্থানে রয়েছে।
* বিশ্বকাপের ফাইনাল সবচেয়ে বেশিবার জিতেছে কোন দল এবং সবচেয়ে বেশিবার হেরেছে কোন দল?
নিজেদের খেলা সাতটি ফাইনালের মধ্যে পাঁচটিতেই জিতে বিশ্বকাপের সবচেয়ে সফল দল ব্রাজিল। আর জার্মানি আটটি ফাইনাল খেলে চারটিতে এবং ইতালি ছয়টি ফাইনাল খেলে চারটিতে জয় পেয়েছে। অন্যদিকে, সবচেয়ে বেশি চারবার ফাইনাল হারার রেকর্ডটিও জার্মানির দখলে। আর আর্জেন্টিনা ছয়টি ফাইনাল খেলে তিনটিতে এবং নেদারল্যান্ডস তিনটি ফাইনাল খেলে সবকটিতেই হেরেছে।
* কোন দলগুলো সবচেয়ে বেশিবার বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয়েছে?
আর্জেন্টিনা ও জার্মানি তিনবার বিশ্বকাপের ফাইনালে একে অপরকে মোকাবিলা করেছে। ১৯৮৬ সালের আসরে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও ১৯৯০ ও ২০১৪ সালের আসরে শিরোপা উঁচিয়ে ধরে জার্মানি।
* কতটি ফিফা বিশ্বকাপের ফাইনাল অতিরিক্ত সময়ে গড়িয়েছে?
এখন পর্যন্ত অনুষ্ঠিত ২১টি ফাইনালের মধ্যে মোট আটটি ম্যাচ নির্ধারিত ৯০ মিনিট সমতায় থাকায় অতিরিক্ত সময়ে গড়িয়েছে। ১৯৩৪ সালের আসরে স্বাগতিক ইতালি ও চেকোস্লোভাকিয়ার মধ্যকার ফাইনালে প্রথমবারের মতো অতিরিক্ত সময়ের প্রয়োজন হয়েছিল। ম্যাচটিতে ইতালি ২-১ গোলে জয়লাভ করে।
এই আটটি ফাইনালের মধ্যে পাঁচটি ম্যাচের ফয়সালা অতিরিক্ত সময়েই হয়ে গিয়েছিল। আর বাকি তিনটি ম্যাচের ফল নির্ধারিত হয়েছে পেনাল্টি শুটআউটে। ১৯৯৪ সালের আসরে ব্রাজিল ও ইতালির মধ্যকার ফাইনালটি ছিল টাইব্রেকারে চ্যাম্পিয়ন খুঁজে নেওয়ার প্রথম ঘটনা। সেই শুটআউটে ৩-২ ব্যবধানে জয়ী হয় ব্রাজিল।
* বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ও সবচেয়ে কম গোলের ফাইনাল কোনগুলো?
১৯৫৮ সালের ফাইনালে মোট সাতটি গোল হয়েছিল, যা ফুটবলের মহাযজ্ঞের ইতিহাসে সর্বোচ্চ। সুইডেনকে ৫-২ গোলে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ব্রাজিল। এছাড়া, একটি নির্দিষ্ট ফাইনালে কোনো দলের সর্বোচ্চ ৫ গোল করার রেকর্ডটিও সেবারই গড়েছিল তারা। অন্যদিকে, ১৯৯৪ সালের ব্রাজিল বনাম ইতালির ফাইনালটি নির্ধারিত ও অতিরিক্ত সময় মিলিয়ে ছিল গোলশূন্য। বিশ্বকাপের ইতিহাসে এটিই একমাত্র ফাইনাল, যেখানে কোনো দলই গোলের দেখা পায়নি।
* কোন কোন মহাদেশের দলগুলো বিশ্বকাপের ফাইনাল খেলেছে?
এখন পর্যন্ত কেবল ইউরোপ (উয়েফা) ও দক্ষিণ আমেরিকার (কনমেবল) দলগুলোই ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করেছে। ইউরোপের দলগুলো মোট ২৯ বার অংশ নিয়ে ১২ বার চ্যাম্পিয়ন হয়েছে। বিপরীতে, দক্ষিণ আমেরিকার দলগুলো ১৫ বার খেলে ১০ বার শিরোপা জিতেছে।
* বিশ্বকাপের ফাইনালে সবচেয়ে বেশি গোল কার?
ফ্রান্সের কিলিয়ান এমবাপে ২০১৮ সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে একটি এবং ২০২২ সালে আর্জেন্টিনার বিপক্ষে হ্যাটট্রিক করে বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ চারটি গোল করার কীর্তি গড়েছেন। এছাড়া, ব্রাজিলের পেলে, একই দলের ভাভা, ফ্রান্সের জিনেদিন জিদান ও ইংল্যান্ডের জিওফ হার্স্ট— এই চারজন খেলোয়াড় শিরোপা নির্ধারণী মঞ্চে তিনটি করে গোল করেছেন।
* একাধিক ফাইনালে গোল করেছেন কয়জন ফুটবলার?
ব্রাজিলের ভাভা (১৯৫৮ ও ১৯৬২), তার স্বদেশী পেলে (১৯৫৮ ও ১৯৭০), জার্মানির পল ব্রেইটনার (১৯৭৪ ও ১৯৮২), ফ্রান্সের জিদান (১৯৯৮ ও ২০০৬) ও একই দলের এমবাপে (২০১৮ ও ২০২২)— বিশ্বকাপের মঞ্চে কেবল এই পাঁচজন ফুটবলার দুটি ভিন্ন আসরের ফাইনালে গোল করার কীর্তি গড়েছেন।
* বিশ্বকাপের ফাইনাল সবচেয়ে বেশিবার খেলছেন কে?
তিনটি বিশ্বকাপের ফাইনাল খেলা একমাত্র ফুটবলার হলেন ব্রাজিলের কাফু। তিনি ১৯৯৪ সালে ইতালির বিপক্ষে প্রথমার্ধে চোট পাওয়া জর্জিনিয়োর বদলি হিসেবে মাঠে নেমেছিলেন। এরপর ১৯৯৮ সালে ফ্রান্সের বিপক্ষে খেলেন এবং ২০০২ সালে জার্মানির অধিনায়কত্বও করেন।
উল্লেখযোগ্য ব্যাপার হলো, একমাত্র ফুটবলার হিসেবে পেলে তিনবার বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখালেও চোটের কারণে ১৯৬২ সালের ফাইনালে তিনি মাঠে নামতে পারেননি। এছাড়া, তার স্বদেশি রোনালদো এবং জার্মানির লোথার মাথেউস ও পিয়েরে লিটবারস্কি তিনটি বিশ্বকাপের ফাইনালে নিজ নিজ জাতীয় দলের স্কোয়াডে থাকলেও তারা কেউই দুটির বেশি ম্যাচ খেলেননি।
* একাধিক দলের হয়ে বিশ্বকাপ ফাইনাল খেলার কীর্তি রয়েছে কার?
লুইস মন্তি ইতিহাসের একমাত্র ফুটবলার, যিনি দুটি ভিন্ন দলের হয়ে বিশ্বকাপের ফাইনাল খেলেছেন। তিনি ১৯৩০ সালের আসরে নিজের জন্মভূমি আর্জেন্টিনার হয়ে উরুগুয়ের বিপক্ষে এবং ১৯৩৪ সালের আসরে ইতালির হয়ে চেকোস্লোভাকিয়ার বিপক্ষে মাঠে নেমেছিলেন।
* কোন স্টেডিয়ামে সবচেয়ে বেশি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে?
মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটির এস্তাদিও আজতেকা বিশ্বের একমাত্র স্টেডিয়াম, যেটি একাধিকবার বিশ্বকাপের ফাইনাল আয়োজন করার গৌরব অর্জন করেছে। সেখানে ১৯৭০ সালে ইতালিকে হারিয়ে ব্রাজিল ও ১৯৮৬ সালে পশ্চিম জার্মানিকে হারিয়ে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়। তবে অন্তিম লড়াই বিবেচনায় নিলে ব্রাজিলের রিও দি জানেইরোর মারাকানা স্টেডিয়ামেও দুটি ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। ভেন্যুটিতে ১৯৫০ সালে উরুগুয়ে ও ২০১৪ সালে জার্মানি শিরোপা জেতে।
* খেলোয়াড় এবং কোচ— উভয় ভূমিকায় বিশ্বকাপের ফাইনাল জয়ের কীর্তি কার কার আছে?
মাত্র তিনজন এই বিরল গৌরবের অধিকারী। তারা হলেন ব্রাজিলের মারিও জাগালো (১৯৫৮ ও ১৯৬২ সালে খেলোয়াড় হিসেবে এবং ১৯৭০ সালে কোচ হিসেবে), জার্মানির ফ্রাঞ্জ বেকেনবাওয়ার (১৯৭৪ সালে খেলোয়াড় হিসেবে এবং ১৯৯০ সালে কোচ হিসেবে) ও ফ্রান্সের দিদিয়ের দেশম (১৯৯৮ সালে খেলোয়াড় হিসেবে এবং ২০১৮ সালে কোচ হিসেবে)।
* ফাইনালে লাল কার্ড দেখেছেন কয়জন খেলোয়াড়?
বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে এখন পর্যন্ত মোট পাঁচজন ফুটবলার লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন। ১৯৯০ সালে প্রথমবারের মতো আর্জেন্টিনার পেদ্রো মনজোন ও গুস্তাভো দেজোত্তি এই অনাকাঙ্ক্ষিত তালিকায় নাম লেখান। এরপর ১৯৯৮ সালে ফ্রান্সের মার্সেল দেশাই, ২০০৬ সালে একই দলের জিনেদিন জিদান ও সর্বশেষ ২০১০ সালে নেদারল্যান্ডসের জন হেইটিংগা লাল কার্ড পেয়েছিলেন।