বিশ্বকাপ

চোটের শঙ্কা উড়িয়ে দেশম বললেন, ‘ভালো আছেন’ সালিবা

স্পোর্টস ডেস্ক

পিঠের চোটের কারণে আসন্ন বিশ্বকাপে খেলা নিয়ে সংশয় তৈরি হলেও উইলিয়াম সালিবা পুরোপুরি 'ভালো আছেন' বলে নিশ্চিত করেছেন দিদিয়ের দেশম। গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে ফ্রান্সের কোচ আর্সেনালের এই তারকা ডিফেন্ডারকে নিয়ে তৈরি হওয়া শঙ্কা উড়িয়ে দেন।

গত সপ্তাহে বুদাপেস্টে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে টাইব্রেকারে পিএসজির কাছে আর্সেনালের হেরে যাওয়ার ম্যাচে মাঠে ছিলেন সালিবা। সেই হতাশা ভুলে গত মঙ্গলবার তিনি প্যারিসের উপকণ্ঠে দুইবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের প্রাক-বিশ্বকাপ ক্যাম্পে যোগ দেন।

বৃহস্পতিবার রাতে নঁতেতে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আইভরি কোস্টের মুখোমুখি হবে ফ্রান্স। তবে বাড়তি সতর্কতা হিসেবে এই ম্যাচে সালিবার ওপর খুব বেশি ধকল দিতে চান না দেশম। তিনি বলেন, 'উইলিয়াম ভালো আছে এবং আমরা তাকে বুঝেশুনে ব্যবহার করব। যদি এই ম্যাচে তার খেলার খুব প্রয়োজন হতো, তবে সে খেলত।'

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠেয় বিশ্বকাপ শেষেই ফ্রান্সের কোচের পদ থেকে সরে দাঁড়াবেন খেলোয়াড় ও কোচ হিসেবে বিশ্বকাপ জয়ের বিরল রেকর্ডের মালিক দেশম। আসন্ন প্রীতি ম্যাচগুলোতে তিনি স্কোয়াডের খেলোয়াড়দের ঘুরিয়ে-ফিরিয়ে খেলাবেন বলে জানিয়েছেন। আইভরি কোস্টের পর আগামী সোমবার রাতে লিলেতে নর্দার্ন আয়ারল্যান্ডের মুখোমুখি হবে ব্লুজরা।

চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর দলে যোগ দেওয়া পিএসজির পাঁচ খেলোয়াড়ের মধ্যে উসমান দেম্বেলে ও দেজিরে দুয়ের ওপর বিশেষ নজর রাখছেন দেশম। ফরাসি কোচ বলেন, 'চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলা ছয় খেলোয়াড়কে আমি দেখেশুনে খেলাব। বিশেষ করে যারা ওই ম্যাচের শুরু থেকে খেলেছে, তাদের ওপর ধকল আরও কম দেওয়া হবে, কারণ সামনে আমাদের বড় পরীক্ষা।'

তিনি যোগ করেন, রিয়াল মাদ্রিদের হয়ে একটি ঝড়ো মৌসুম পার করার পরও অধিনায়ক কিলিয়ান এমবাপে শারীরিক ও মানসিকভাবে 'দারুণ ফর্মে' আছেন। গত দুই মৌসুমে প্রচুর গোল করলেও এই ফরোয়ার্ড এখনো ক্লাবটির হয়ে কোনো বড় শিরোপার মুখ দেখেননি।

মৌসুমের শেষদিকে হ্যামস্ট্রিং চোটের পুনর্বাসনের মাঝেই এমবাপে ছুটি কাটাতে যাওয়ায় তার নিবেদন নিয়ে প্রশ্ন উঠেছিল। এই প্রসঙ্গে দেশম বলেন, 'ক্লাব ফুটবলে কী ঘটেছে, তা ক্লাবেই থাক। এখানে লড়াইটা জাতীয় দলের। ক্যাম্পের প্রথম সেশনগুলো থেকেই দলের সাথে সে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে যাচ্ছে।'

এমবাপের প্রশংসা করে তিনি আরও বলেন, 'তার এমন কিছু অভিজ্ঞতা আছে, যা দলের অন্যদের নেই। এটি হতে যাচ্ছে তার ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ। একটি বিশ্বকাপ জেতা কতটা কঠিন, তা সে খুব ভালো করেই জানে।'