রোনালদোর ব্যর্থতার রাতেও জয়ে বিশ্বকাপ প্রস্তুতি সারল পর্তুগাল

স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। তবে দলের জয়কে কিছুটা ম্লান করে দিয়েছে অধিনায়ক ক্রিস্তিয়ানো রোনালদোর হতাশাজনক পারফরম্যান্স। একাধিক সহজ সুযোগ নষ্ট করলেও শেষ পর্যন্ত নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে যাচ্ছে ইউরোপের দলটি।

বুধবার লেইরিয়ায় অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে পর্তুগাল। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে চেলসি ফরোয়ার্ড পেদ্রো নেতোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। তবে বিরতির আগে আক্রমণভাগের খেলোয়াড় আকর অ্যাডামসের গোলে সমতায় ফেরে নাইজেরিয়া।

দ্বিতীয়ার্ধে ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখলেও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে পর্তুগালকে। শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগে জুভেন্টাস উইঙ্গার ফ্রান্সিসকো কনসেইসাও জয়সূচক গোলটি করে দলকে স্বস্তি এনে দেন।

তবে ম্যাচের বড় আলোচনার বিষয় ছিলেন রোনালদো। ৪১ বছর বয়সী এই তারকা বেশ কয়েকটি ভালো সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে ব্যর্থ হন। ফলে তার পারফরম্যান্স নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

বিশ্বকাপে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে ষষ্ঠবারের মতো খেলতে যাচ্ছেন রোনালদো। কিন্তু পর্তুগালের একটি অংশের সমর্থক ও বিশ্লেষকদের মধ্যে প্রশ্ন উঠেছে, বর্তমান সময়ে তার উপস্থিতি দলকে কতটা সাহায্য করছে। অনেকের আশঙ্কা, রবার্তো মার্তিনেজের শক্তিশালী ও ভারসাম্যপূর্ণ দলটি হয়তো আরও স্বতঃস্ফূর্তভাবে খেলতে পারত যদি পুরো কৌশল রোনালদোকেন্দ্রিক না হতো।

এদিকে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জেতা চার ফুটবলার দলে যোগ দেওয়ায় প্রথমবারের মতো পূর্ণ শক্তির স্কোয়াড হাতে পেয়েছেন কোচ মার্তিনেজ। নাইজেরিয়ার বিপক্ষে তিনি মাঝমাঠে ভিতিনিয়া ও জোয়াও নেভেসকে খেলান, তাদের সঙ্গে ছিলেন ম্যানচেস্টার ইউনাইটেডের সৃজনশীল মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ।

শুক্রবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার পাম বিচে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পে উড়াল দেবে পর্তুগাল। আগামী ১৭ জুন হিউস্টনে ডিআর কঙ্গোর বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘কে’-তে তাদের অন্য দুই প্রতিপক্ষ উজবেকিস্তান ও কলম্বিয়া।