ফিফা বিশ্বকাপ ২০২৬

বেলজিয়ামকে রুখে দেওয়ার পর ইরান কোচ বললেন ‘বড় অর্জন’

স্পোর্টস ডেস্ক

প্রথম ম্যাচে শক্তিতে পিছিয়ে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারেনি ইরান, তবে পিছিয়ে থেকেও ম্যাচ ড্র করার একটা স্বস্তি ছিলো। দ্বিতীয় ম্যাচে তারা রুখে দিল শক্তিশালী বেলজিয়ামকে। প্রতিকূলতার মাঝে খেলে দুই ম্যাচ অপরাজিত থাকাকে ইরানের কোচ আমির গ্যালেনোই ‘বড় অর্জন’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্ম এই সাফল্যের কথা মনে রাখবে।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে রাজনৈতিক উত্তেজনার মাঝেই ইরান এই বিশ্বকাপে খেলতে আসে। প্রথম দুটি ম্যাচই ড্র করায় এবার প্রথমবারের মতো নকআউট পর্বে যাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

যুক্তরাষ্ট্রে ভিসা ও যাতায়াতের নানা সমস্যার মধ্যেও বিশ্বের ১০ নম্বর দল বেলজিয়ামকে আটকে দেওয়ায় খেলোয়াড়দের প্রশংসা করেছেন কোচ,  ‘এটি একটি বড় অর্জন। নানামুখী প্রতিকূলতার মধ্যেও বিশ্বকাপে আমরা টানা দুটি ম্যাচে হারিনি।’ 

মেক্সিকোর ক্যাম্প থেকে সময়মতো যুক্তরাষ্ট্রে আসার অনুমতি না পাওয়ায় ম্যাচের আগে মাত্র ১৬ ঘণ্টা অনুশীলনের সুযোগ পেয়েছিল ইরান। কোচ যোগ করেন, ‘এটি আমাদের ফুটবলের ইতিহাসে লেখা থাকবে।’

ম্যাচের আগে স্টেডিয়ামে থাকা কিছু প্রবাসী ইরানি জাতীয় সঙ্গীতের সময় দুয়ো দিলেও, গ্যালেনোই সব ভক্তকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘ভিন্ন রাজনৈতিক মতাদর্শ থাকা সত্ত্বেও মাঠের দর্শকরা আমাদের দারুণভাবে উৎসাহিত করেছেন।’ 

ম্যাচের ৬৬ মিনিটে বেলজিয়ামের একজন খেলোয়াড় লাল কার্ড দেখলেও, প্রতিপক্ষের শক্তির কথা বিবেচনা করে কোচ স্বীকার করেন যে তারা ভাগ্যবশত হার এড়াতে পেরেছেন।

পরবর্তী রাউন্ডে যেতে হলে আগামী শুক্রবার সিয়াটেলে মিশরের বিপক্ষে শেষ ম্যাচে ইরানকে অন্তত ১ পয়েন্ট পেতে হবে। কোচ বলেন, ‘মিশর অত্যন্ত শক্তিশালী দল। আমাদের মূল লক্ষ্য এখন পরের রাউন্ডে যাওয়া।’

দলের মিডফিল্ডার আলিরেজা জাহানবখশও সতীর্থদের লড়াকু মনোভাবের প্রশংসা করেন। গত বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের কাছে শেষ মুহূর্তে ১-০ গোলে হেরে বাদ পড়ার স্মৃতি মনে করিয়ে দিয়ে তিনি বলেন, ‘এবার আমাদের ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে এবং পরের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত হতে হবে।