অসুস্থ হয়ে হাসপাতালে অভিষেক, দুশ্চিন্তায় ভারত
পেটের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন ভারতীয় ওপেনার অভিষেক শর্মা। ফলে বৃহস্পতিবার দিল্লিতে নামিবিয়ার বিপক্ষে ম্যাচে তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
বুধবার সকালে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গত দুই দিন ধরে দিল্লির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অভিষেক।
বিসিসিআই-এর একটি সূত্র পিটিআই-কে বলেছে, 'পেটের সমস্যার কারণে অভিষেককে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। অসুস্থতার ধরন বুঝতে কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। আজই তিনি হাসপাতাল থেকে ছাড়া পাবেন কি না, তা এখনও নিশ্চিত নয়। তবে নামিবিয়া ম্যাচে তার খেলার সম্ভাবনা আপাতত কম।'
টি-টোয়েন্টি বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ভারতের প্রথম ম্যাচে শূন্য রানে আউট হয়েছিলেন অভিষেক। এরপর রান তাড়ায় ফিল্ডিংয়ের সময়ও তাকে মাঠে দেখা যায়নি। ভারতের সহকারী কোচ রায়ান টেন ডেসকাট তখন জানিয়েছিলেন, অভিষেক পেটের সমস্যায় ভুগছেন।
টেন ডেসকাট বলেছিলেন, 'অভিষেকের পেটে এখনও কিছুটা সমস্যা রয়েছে। তবে আমরা আশাবাদী যে দুই দিনের মধ্যে হতে যাওয়া ম্যাচে তাঁকে পাওয়া যাবে।'
অভিষেক খেলতে না পারলে ওপেনিংয়ে সাঞ্জু স্যামসনকে দেখা যেতে পারে। নিউজিল্যান্ডের বিপক্ষে রান খরায় থাকা স্যামসনকে সরিয়ে সম্প্রতি ইশান কিষাণকে প্রথম পছন্দের উইকেটকিপার-ব্যাটার হিসেবে দলে নেওয়া হয়েছিল।
দলের কম্বিনেশন নিয়ে টেন ডেসকাট বলেন, 'আমরা মূলত অভিষেকের ফিটনেসের অপেক্ষায় আছি। তিনি ফিরলে আমরা আবারও ভিন্ন কিছু কম্বিনেশন নিয়ে কাজ করতে পারব।'
অভিষেককে নিয়ে দুশ্চিন্তা থাকলেও ভারতের জন্য স্বস্তির খবর নিয়ে আসছেন জাসপ্রিত বুমরাহ। অসুস্থতার কারণে প্রথম ম্যাচ মিস করলেও নামিবিয়ার বিপক্ষে তাঁর খেলা প্রায় নিশ্চিত। মঙ্গলবার দিল্লির অনুশীলনে তাঁকে পূর্ণ গতিতে বোলিং করতে দেখা গেছে।
এ ছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর। নিউজিল্যান্ড সিরিজে পেশির চোটে পড়া সুন্দর মঙ্গলবার নেটে বোলিং ও ব্যাটিং—দুই বিভাগেই ঘাম ঝরিয়েছেন।