নেত্রকোনায় ৪ ভোটকেন্দ্রসহ ৫ শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বৃত্তের আগুন

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

নেত্রকোনা সদর উপজেলায় পাঁচটি শিক্ষাপ্রতিষ্ঠানে গভীর রাতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এর মধ্যে চারটিই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র।

গতকাল সোমবার দিনগত রাতে দুর্বৃত্তরা এসব প্রতিষ্ঠানে আগুন দেয় বলে নিশ্চিত করেছেন নেত্রকোনা জেলার পুলিশ সুপার (এসপি) মো. তরিকুল ইসলাম।

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে, সেগুলোর মধ্যে রয়েছে- পার্লা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, বামনমোহা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং নারান্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ বিষউড়া উচ্চ বিদ্যালয়। এর মধ্যে প্রথম চারটিই ভোটকেন্দ্র।

নুরপুর শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের একটি বুথে আগুন দেওয়ার ঘটনায় দুটি বেঞ্চ, একটি ফ্যান ও বৈদ্যুতিক লাইট পুড়ে গেছে।

পুলিশ জানায়, সোমবার দিবাগত রাত আনুমানিক ২টা থেকে আড়াইটার মধ্যে দুর্বৃত্তরা আগুন দেয়। পরে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে দ্রুত নিয়ন্ত্রণে আনেন এবং পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ আরও জানায়, বিদ্যালয়টিতে মোট সাতটি বুথের মধ্যে পুরোনো ভবনে চারটি বুথ ছিল। এর একটি বুথের পেছনের জানালা দিয়ে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

মঙ্গলবার সকালে পুলিশ, ডিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত শুরু করেছেন।

পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।