বিমানবন্দরে টাকাসহ জামায়াত নেতা আটক: দল বলছে ‘সাজানো নাটক’
সৈয়দপুর বিমানবন্দরে টাকার ব্যাগসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানের আটক হওয়ার ঘটনাকে ‘আইনশৃঙ্খলা বাহিনীর সাজানো নাটক’ হিসেবে অভিহিত করেছে দলটি। জামায়াতের ভাষ্য, এ ঘটনা নির্বাচনের আগে তাদের বিতর্কিত করার অপপ্রয়াস।
আজ বুধবার দুপুরে ঢাকার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের।
সংবাদ সম্মেলনে জুবায়ের দাবি করেন, ‘আজ সকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেলাল উদ্দিন এই টাকা নিয়ে যাওয়ার সময় বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন রাগিব সামাদ তাকে অনাপত্তিপত্র দিয়েছেন। সুতরাং এটা বোঝাই যাচ্ছে যে, এটা একটা পরিকল্পিত, ইল মোটিভেটেড এবং জামায়াতে ইসলামী এবং এর নেতৃবৃন্দকে প্রশ্নবিদ্ধ করার জন্য এটা করা হয়েছে।
এসময় দেশের বিভিন্ন জায়গায় জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলা ও নারী কর্মীদের হেনস্তা করার অভিযোগ আনেন জুবায়ের। তিনি বলেন, ‘মনে হচ্ছে যে প্রশাসনের একটা অংশ যেকোনোভাবেই হোক, যেকোনো কারণেই হোক, তারা একদিকে হেলে পড়েছেন। একটা দলকে অন্যায়ভাবে, অন্যায্যভাবে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে নির্বাচনের পরিবেশ নষ্ট করছেন।
নির্বাচনী কাজে যুক্ত ব্যক্তিবর্গ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের উদ্দেশ্য করে জুবায়ের বলেন, ‘কোনো অবস্থায় আপনারা আপনাদের নিরপেক্ষ অবস্থান থেকে সরবেন না। আপনারা সঠিকভাবে দায়িত্ব পালন করবেন। কোন অবস্থায় যদি আপনারা এই ধরনের একপেশে ভূমিকা পালন করেন, তাহলে জনগণ আপনাদেরকে ছেড়ে দেবে না। জনতার আদালতে আপনাকে দাঁড়াতে হবে।’
টাকা নিয়ে আটক বেলাল উদ্দিন প্রধানের প্রসঙ্গে জুবায়ের বলেন, ‘তিনি তার (বেলাল উদ্দিন) বক্তব্যে স্পষ্ট করেছেন যে, “আমার ব্যবসায়ের জন্য আমি আসা যাওয়া করি। ব্যাংক বন্ধ। আমাকে কিছু লেনদেন করতে হয়।” এজন্য তার সাথে কিছু নগদ টাকা ছিল। যেটি খুবই স্বাভাবিক। একজন মানুষ ব্যবসা করতে পারেন। তার পরিবারের প্রয়োজনে বা অন্য প্রয়োজনে তিনি এটা ক্যারি (বহন) করতে পারেন।’
জুবায়ের আরও বলেন, ‘জামায়াতে ইসলামীকে এবং আমাদের সাথে যে ১১ দলীয় নির্বাচনী ঐক্য আছে, তাদের সামগ্রিক অবস্থানকে প্রশ্নবিদ্ধ করার জন্য নির্বাচনকে সামনে রেখে একদল লোক, একটি দল, এই কাজগুলো করছেন। আমরা মনে করি যে এটা সুস্থ রাজনীতি নয়। সামনে যদি কেউ এই ধরনের ফ্যাসিবাদী আচরণ করে, বিভিন্ন ধরনের নাটক সাজিয়ে নির্বাচনকে বানচাল করার চেষ্টা করে, তাহলে জনগণ এটাকে ছাড় দেবে না। আমরা জনগণকে সাথে নিয়ে এটাকে মোকাবিলা করব।’
নির্বাচনের আগের দিন এতগুলো টাকা নিয়ে একটা দলের দায়িত্বশীল কেউ চলাচল করতে পারেন কিনা—এমন প্রশ্নের জবাবে জুবায়ের বলেন, ‘তিনি মনে করেছেন যে তার জন্য এটা সেফ (নিরাপদ)। তিনি এটা করতেই পারেন। তিনি তো কোনো অন্যায় করেন নাই। কোনো ক্রিমিনাল অফেন্স করেন নাই।’
সংবাদ সম্মেলনের আগে দুপুর ২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে জামায়াত আমির শফিকুর রহমান বলেন, ‘জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন কেউ কেউ দেশে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়াচ্ছে।’
জামায়াতের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদেরকে বিভ্রান্ত করার জন্য এ ধরনের অপচেষ্টায় লিপ্ত হয়েছে বলে অভিযোগ করেন তিনি। তবে ওই পোস্টে আটকের কোনো ঘটনার উল্লেখ করেননি শফিকুর রহমান।
আজ বুধবার সকালে সৈয়দপুর বিমানবন্দরে সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিন প্রধানকে টাকাসহ আটক করে পুলিশ।