‘পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই’ এটা আমি বলিনি: ইসি সচিব

স্টার অনলাইন রিপোর্ট

নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ দাবি করেছেন, তার বক্তব্য ভুলভাবে উদ্ধৃত করা হয়েছে। 

আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আখতার আহমেদ বলেন, ‘আমাকে উদ্ধৃত করে “পাঁচ কোটি টাকা নিয়ে গেলেও কোনো অসুবিধা নেই” এমন কথা বলা হয়েছে। এ কথা বলার এখতিয়ার, অধিকার ও ক্ষমতা আমার নেই এবং আমি এটা বলিনি।’

নীলফামারীতে প্রায় অর্ধ কোটি টাকাসহ ঠাকুরগাঁওয়ের জামায়াত নেতা আটকের পর তার বক্তব্য এমন ভুলভাবে উদ্ধৃত করার ঘটনাকে দুঃখজনক হিসেবে উল্লেখ করেন ইসি সচিব।

বলেন, ‘আপনাদের কাছে এখন সর্বসম্মুখে বলছি, এটা আমাকে মিসকোট করা হয়েছে। দয়া করে এমন মিসকোট করবেন না। আমরা এখন একটা ভালো নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে। যদি আমরা এমন অপতথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করি। সেটা অত্যন্ত দুঃখজনক হবে।’

ইসি সচিব আরও বলেন, ‘আমি বলেছি যারা এই অর্থ উদ্ধার করেছে, তারাই অর্থের উৎস ও উদ্দেশ্য সম্পর্কে সিদ্ধান্ত নেবে। আমি শুধু এটাই বলেছি। এটা যদি এখন দুর্ভাগ্যজনকভাবে মিসকোট করা হয়, সেটা অত্যন্ত অপমানজনক এবং আমি অত্যন্ত ক্ষুব্ধ।’

কোনো প্রার্থী কত টাকা বহন করতে পারবেন, তার আইনি ব্যাখ্যা জানতে চাইলে ইসি সচিব বলেন, ‘এখানে আইনি ব্যাখ্যার কোনো ব্যাপার নেই। আমি আবারও বলছি, যে কর্তৃপক্ষ এটাকে ইন্টারসেপ্ট করেছেন, বিষয়টা তাদের। আইনি ব্যাখ্যা তো তারাই দেবেন, আমি কেন দেবো?’

ইসি সচিব আরও বলেন, ‘আপনারা যদি আমার কাছে আইনি ব্যাখ্যা চান, তাহলে তো আমার প্রতিও অবিচার করা হচ্ছে। দয়া করে এই অপতথ্য ছড়ানোর সংস্কৃতি থেকে বেরিয়ে আসুন।’